বিজেডি থেকে বিজেপিতে যোগ দেওয়া সাতবারের সাংসদ ওড়িশার ভর্তোয়ারি মেহতাবকে প্রোটেম স্পিকার করা হয়েছে। আর এনডিএ সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। একেবারে এককাট্টা হয়ে প্রতিবাদে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে সকলেই। কারণ, তাঁদের দাবি, সংসদের নিয়ম মেনে সবথেকে বর্ষীয়ান সাংসদ কে সুরেশকে প্রোটেম স্পিকার না করে ভর্তুয়ারিকে প্রোটেম স্পিকার করা হয়েছে।
আরও পড়ুন: দ্বিপাক্ষিক বৈঠকে মোদি-হাসিনা, আরও সুদৃঢ় ভারত-বাংলাদেশ সম্পর্ক


শুধু মৌখিকভাবে প্রতিবাদ জানানোই নয়। প্রোটেম স্পিকার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। প্রোটেম পদ নির্বাচনের প্রতিবাদে সহায়কের তালিকায় থাকা সত্ত্বেও তা স্পিকারের চেয়ারে বসবেন না তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, প্রোটেম স্পিকারের চেয়ারে বসবেন না বলে জানিয়েছেন কংগ্রেসের কে সুরেশ এবং ডিএমকে সাংসদ টিআর বালুও। প্রোটেম স্পিকারের শপথ গ্রহণের জন্য এই তিন নাম মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু, ঐক্যবদ্ধভাবে ‘ইন্ডিয়া’ জোট সাহায্য করবে না বলে সিদ্ধান্ত নিল।

অন্যদিকে, আগামী ২৪ জুন থেকে শুরু হবে লোকসভার প্রথম অধিবেশন। তার ঠিক দু’দিন পর অর্থাৎ, ২৬ তারিখ স্পিকার পদ নির্বাচনের জন্য ভোটাভুটি হবে। অথচ এখনও স্পিকার পদে কাকে মনোনীত করা হবে তা চূড়ান্ত করতে পারল না এনডিএ সরকার। গত মঙ্গলবার স্পিকার প্রার্থীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বাড়িতে বৈঠকে বসে এনডিএ শিবির। তা সত্ত্বেও একটি নামে সিলমোহর দেওয়া সম্ভব হয়নি বলেই সূত্রের খবর।
প্রোটেম স্পিকার নিয়ে তুঙ্গে তরজা, ঐক্যবদ্ধ INDIA জোটের এই চালে শুরুতেই ব্যাকফুটে NDA!



তৃতীয়বার শরিকদের সমর্থন নিয়ে মসনদে বসে শুরু থেকেই চাপে বিজেপি। শিক্ষাক্ষেত্রে ভয়ঙ্কর কেলেঙ্কারি সামনে এসেছে। এক, নিট দুর্নীতি। দুই, ইউজিসি নেট প্রশ্নফাঁস। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধিরা। পাশাপাশি, গত বছর ১৪৬ জন সাংসদকে বহিষ্কার করে যে ন্যায় সংহিতা আইন পাশ করেছিল মোদি সরকার তা ১ জুলাই থেকে প্রণয়ন করা যাবে না বলে আওয়াজ তুলেছে ইন্ডিয়া জোট। ইতিমধ্যেই নরেন্দ্র মোদিকে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, সংসদের প্রথম অধিবেশন থেকেই এই বিষয়গুলো নিয়ে সরব হয়ে এনডিএ সরকারকে বিরাট চাপে ফেলতে চাইছেন বিরোধিরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



