পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের (Imran Khan) স্বাস্থ্য নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন বিশ্বের প্রাক্তন ক্রিকেট অধিনায়কেরা। ভারতের সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব (Kapil Dev) ও দিলীপ বেঙ্গসরকর (Dilip Vengsarkar)-সহ ২১ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) কাছে চিঠি লিখে ইমরানের যথাযথ চিকিৎসা ও মানবিক যত্ন নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। ২৩ অগস্ট লেখা এই চিঠি নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে পাকিস্তান সরকারের উপর।
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সূত্রপাত সাম্প্রতিক আদালতের নির্দেশ ঘিরে। ১৮ অগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট (Supreme Court of Pakistan) নির্দেশ দিয়েছিল, জেলবন্দি ইমরানকে হাসপাতালে নিয়ে গিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসা করাতে হবে। সেই বোর্ডে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডক্টর উজমা খানের (Uzma Khan) যুক্ত থাকার কথাও বলা হয়েছিল। পাশাপাশি পরিবারের সাপ্তাহিক সাক্ষাতের বিষয়েও নির্দেশ দেয় আদালত।
কিন্তু প্রাক্তন ক্রিকেট অধিনায়কদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী গোটা চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের আদিয়ালা জেলে পাঠানো হয়। তাঁদের বক্তব্য, নির্ধারিত মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পূর্ণাঙ্গ পরীক্ষা এবং চিকিৎসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাঁকে শারীরিক ভাবে সুস্থ ঘোষণা করা হয়েছিল। তবে পাকিস্তান সরকার ইমরানের চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তাঁকে নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা করানো হচ্ছে।
এই পরিস্থিতিতেই ফের চিঠি লিখেছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়কেরা। চিঠিতে তাঁরা স্পষ্ট করেছেন, কোনও রাজনৈতিক অবস্থান থেকে নয়, ক্রিকেট মাঠে ইমরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণেই এই আবেদন। তাঁদের বক্তব্য, ক্রিকেট এমন একটি সম্পর্ক তৈরি করে, যা দুই দেশের রাজনৈতিক বিভাজন ও সীমান্তের ঊর্ধ্বে। ছ’মাস আগে ১৪ জন প্রাক্তন অধিনায়ক একই ধরনের আবেদন জানিয়েছিলেন। এবার সেই উদ্যোগে আরও কয়েকজন প্রাক্তন অধিনায়ক যোগ দিয়েছেন।
চিঠিতে মূলত তিনটি দাবি জানানো হয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠন করে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। বিশেষ করে তাঁর চোখের সমস্যার যথাযথ মূল্যায়ন ও চিকিৎসার উপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী পরিবারের সদস্যদের সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে হবে।
তৃতীয় দাবি, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী কোনও বিলম্ব না করে ইমরানের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা। প্রাক্তন অধিনায়কেরা একই সঙ্গে জানিয়েছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ আইন, রাজনৈতিক প্রক্রিয়া বা বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করার কোনও উদ্দেশ্য তাঁদের নেই। তাঁদের আবেদন শুধুমাত্র একজন প্রাক্তন সতীর্থ ও ক্রিকেটারের স্বাস্থ্য এবং মানবিক চিকিৎসা নিশ্চিত করা নিয়ে।
এই চিঠিতে সই করা ২১ জনের তালিকায় রয়েছেন মাইকেল আথারটন (Michael Atherton), অ্যালান বর্ডার (Allan Border), মাইকেল ব্রিয়ারলি (Mike Brearley), গ্রেগ চ্যাপেল (Greg Chappell), ইয়ান চ্যাপেল (Ian Chappell), বেলিন্ডা ক্লার্ক (Belinda Clark), অ্যালিস্টার কুক (Alastair Cook), অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist), ডেভিড গাওয়ার (David Gower), কিম হিউজ (Kim Hughes), নাসের হুসেন (Nasser Hussain), ক্লাইভ লয়েড (Clive Lloyd), অর্জুনা রণতুঙ্গা (Arjuna Ranatunga), অ্যান্ড্রু স্ট্রস (Andrew Strauss), স্টিভ ওয়াহ (Steve Waugh), জন রাইট (John Wright), সুনীল গাভাসকর, কপিল দেব ও দিলীপ বেঙ্গসরকর-সহ আরও প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক।
ইমরান ১৯৯২ সালে পাকিস্তানকে প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ৫০ ওভারের বিশ্বকাপ জেতান। পরে রাজনীতিতে প্রবেশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হন। ২০২৩ সালের অগস্ট থেকে তিনি জেলবন্দি। তাঁর চিকিৎসা নিয়ে পরিবার ও দলের অভিযোগের পাশাপাশি পাকিস্তান সরকারের বক্তব্যও রয়েছে। ফলে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্যেই প্রাক্তন ক্রিকেট অধিনায়কদের এই দ্বিতীয় চিঠি আন্তর্জাতিক ক্রিকেটমহলে নতুন করে আলোড়ন তৈরি করেছে।




