শীতের শুরুতেই অনেকের ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে, আবার কারও পায়ের গোড়ালিতে ধরছে গভীর ফাটল। কখনও সেই ফাটল এতটাই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যে হাঁটাচলা করতেও সমস্যা হয়। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যাওয়াই এই সমস্যার অন্যতম কারণ। তবে প্রতিদিনের কয়েকটি অভ্যাস বদলালে ফাটা ঠোঁট, গোড়ালি এবং রুক্ষ ত্বকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বিশেষ করে স্নানের পর ময়েশ্চারাইজার না লাগানো, অতিরিক্ত গরম জলে স্নান করা এবং ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজানোর মতো অভ্যাস শীতকালে ত্বকের ক্ষতি বাড়াতে পারে। আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি (American Academy of Dermatology) জানিয়েছে, সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার এবং কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললে শুষ্ক ত্বক ও ফাটা গোড়ালির সমস্যা কমানো যায়।
১. অতিরিক্ত গরম জলে স্নান বন্ধ করুন: শীতকালে গরম জলে দীর্ঘক্ষণ স্নান করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু অতিরিক্ত গরম জল ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দেয়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। তাই হালকা উষ্ণ জলে ৫-১০ মিনিটের মধ্যে স্নান শেষ করুন। স্নানের পর তোয়ালে দিয়ে ত্বক ঘষে না মুছে আলতো করে জল শুকিয়ে নিন।
২. স্নানের পরপরই ময়েশ্চারাইজার লাগান: ত্বক ফাটা আটকানোর অন্যতম কার্যকর উপায় হল নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার। স্নানের পর ত্বক সামান্য ভেজা থাকতেই ঘন ক্রিম বা অয়েন্টমেন্ট লাগান। গ্লিসারিন, সেরামাইড ও পেট্রোলাটামযুক্ত পণ্য ব্যবহার করতে পারেন। শুধু মুখ নয়, হাত, পা, কনুই এবং শরীরের শুষ্ক অংশেও ময়েশ্চারাইজার লাগানো জরুরি।
৩. ঠোঁট চাটা এবং চামড়া টেনে তোলা বন্ধ করুন: ঠোঁট শুকিয়ে গেলে অনেকেই বারবার জিভ দিয়ে ভেজান। কিন্তু লালার জল শুকিয়ে যাওয়ার পর ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যেতে পারে। ঠোঁটের উঠে আসা চামড়া দাঁত দিয়ে কামড়ানো বা হাত দিয়ে টেনে তোলাও বন্ধ করুন। দিনে কয়েকবার সুগন্ধিবিহীন পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম লাগান। বাইরে বেরোনোর সময় SPF 30-যুক্ত লিপ বাম ব্যবহার করুন।
৪. পায়ের গোড়ালিতে রাতে পেট্রোলিয়াম জেলি লাগান: শীতকালে পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা সবচেয়ে বেশি ভোগায়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, স্নানের পাঁচ মিনিটের মধ্যে গোড়ালিতে ১০-২৫ শতাংশ ইউরিয়াযুক্ত ফুট ক্রিম ব্যবহার করা যেতে পারে। রাতে ঘুমানোর আগে গোড়ালিতে সাধারণ পেট্রোলিয়াম জেলি লাগিয়ে পরিষ্কার সুতির মোজা পরে নিন। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়।
৫. কড়া সাবান ও সুগন্ধিযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন: সব সাবান ও বডি ওয়াশ শীতকালে ত্বকের জন্য উপযুক্ত নয়। অতিরিক্ত সুগন্ধি এবং ত্বকে জ্বালাভাব তৈরি করে এমন উপাদান শুষ্কতা বাড়াতে পারে। তাই মাইল্ড ও সুগন্ধিবিহীন ক্লিনজার ব্যবহার করুন। কোনও প্রসাধনী লাগানোর পর জ্বালা বা অস্বস্তি হলে সেটি ব্যবহার বন্ধ করুন।
৬. পর্যাপ্ত জল পান করুন, ঘরের আর্দ্রতা বজায় রাখুন: শীতকালে তেষ্টা কম পেলেও শরীরের প্রয়োজন অনুযায়ী জল পান করা জরুরি। পাশাপাশি ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। বিশেষ করে রাতে শোওয়ার ঘরের আর্দ্রতা বজায় রাখতে এটি সাহায্য করতে পারে। তবে হিউমিডিফায়ার নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
৭. বাইরে বেরোনোর সময় হাত-পা ও ঠোঁট ঢেকে রাখুন: ঠান্ডা বাতাস সরাসরি ত্বকের সংস্পর্শে এলে শুষ্কতা বাড়তে পারে। তাই বাইরে বেরোনোর সময় মোজা, হাতমোজা ও প্রয়োজন অনুযায়ী স্কার্ফ ব্যবহার করুন। শীতকালেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাইরে থাকলে উন্মুক্ত ত্বকে SPF 30 বা তার বেশি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন।
গোড়ালি ফেটে রক্ত বেরোলে কী করবেন? গোড়ালিতে গভীর ফাটল তৈরি হলে বা রক্তপাত শুরু হলে বিষয়টিকে সাধারণ শুষ্ক ত্বক ভেবে অবহেলা করবেন না। ফাটা অংশ পরিষ্কার রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ব্লেড বা ধারালো কিছু দিয়ে শক্ত চামড়া কাটবেন না। বিশেষ করে ডায়াবেটিস বা পায়ের রক্ত চলাচলের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসা প্রয়োজন।
ঠোঁট দীর্ঘদিন ফাটা থাকলে, ফুলে গেলে, ব্যথা বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।



