নজরবন্দী ব্যুরো: শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল নন বাবা। তাই বাবার নিখোঁজের অভিযোগ জানিয়ে এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন শুভ্রাংশু রায়। এদিকে দিল্লিতে বসে মুকুল রায় জানিয়ে দিলেন, বিজেপির তরফে জানানো হলেই কাজ শুরু করে দেবেন তিনি। একইসঙ্গে স্পষ্ট করলেন আমি নিজের ইচ্ছায় এসেছি। আমাকে কেউ অপহরণ করেনি।

মুকুল রায় জানিয়েছেন, আমার এখানে কোনও সমস্যা হচ্ছে না। আমি ভাল আছি। বিভিন্ন জায়গাতে রয়েছি। বিধায়ক জানান যে তাঁর সঙ্গে ছেলে শুভ্রাংশুর কথা হয়েছে। এরপরই তিনি বলেন, আমি তো বিজেপি-তেই রয়েছি। বিজেপি-র বিধায়ক আমি। অমিত ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার।

একইসঙ্গে মুকুল রায় বলেন, অমিত শাহের সঙ্গে দেখা করব, বিজেপিতে গিয়ে রাজনীতি করব। কৈলাস বিজয়বর্গীর সঙ্গে কথা হয়েছে, উনিই থাকার ব্যবস্থা করেছেন। বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমি বিজেপি বিধায়ক, সেই হিসেবে থাকার ব্যবস্থা করেছে দল।
অমিত ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার, আমাকে কেউ অপহরণ করেনি

গত পরশু সন্ধ্যেবেলাতেই দিল্লিতে পা রেখেছেন মুকুল রায়। অনেকের মনে হয়েছিল, তিনি এবার বিজেপিতে যোগদান করবেন৷ অন্যদিকে, সেই সময়েই ছেলে শুভ্রাংশু এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছেন। সেখানে তিন জনের নাম অবধি উল্লেখ করেছেন তিনি৷ তারপর থেকে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে মুকুল রায়ের বক্তব্য ছেলের সঙ্গে মিল খাচ্ছে না৷ যদিও গতকাল ছেলে শুভ্রাংশু দাবি করেছিলেন, বাবার শারিরীক অবস্থা স্থিতিশীল নয়। রোজ ১৮ টি করে ওষুধ চলে৷ এমনকি মানসিক অবস্থাও মোটেই ভালো নয় বলে দাবি করেছেন তিনি৷ এখন মুকুল রায়ের বক্তব্য ভিন মেরুতে৷ যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।



