রাজনীতি ও রুপোলি পর্দার পরিচিত মুখ হিরণ চট্টোপাধ্যায় জীবনের নতুন অধ্যায় শুরু করলেন একেবারে চুপিসারে। মঙ্গলবার সকালে নিজেই সমাজমাধ্যমে বিয়ের ছবি ভাগ করে নেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক। পবিত্র গঙ্গার তীরে, বারাণসীর ঘাটে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে—কে হিরণের জীবনসঙ্গিনী?
হিরণের স্ত্রী হলেন ঋতিকা গিরি। যদিও বিয়ের পর এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি অভিনেতা-রাজনীতিক। আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
সমাজমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। তবে সেই সম্পর্ক কখনও প্রকাশ্যে আলোচনার কেন্দ্রে আসেনি। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে খড়্গপুরেই মূলত সময় কাটাচ্ছিলেন হিরণ। এর আগেই শোনা গিয়েছিল, প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়-এর সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর দাম্পত্যে টানাপোড়েন চলছিল। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে।
হিরণের বিয়ের ছবি ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয় তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী রুদ্রনীল ঘোষ-এর সঙ্গে। শুভেচ্ছা জানিয়ে রুদ্রনীল বলেন,
“আমার নিজের বিয়ের সানাই না বাজলেও, আমার বন্ধুরা যাঁরা নতুন জীবন শুরু করছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা। আমি কেন বিয়ে করছি না, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে সঠিক সময় এলে, যখন মনে হবে আর এক জনের দায়িত্ব নিতে পারব, তখনই বিয়ে করব।”
উল্লেখযোগ্য ভাবে, বিয়ের পর এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি হিরণ চট্টোপাধ্যায়। তবে বারাণসীর ঘাটে তাঁর এই নিভৃত বিবাহ রাজনৈতিক ও বিনোদন মহলে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি করেছে।








