নজরবন্দি ব্যুরো: নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর আবেদনের ভিত্তিতে মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি কেন্দ্র যাতে এই বিষয় দ্রুত পদক্ষেপ করে সেবিষয়েও বলেছে হাইকোর্ট।
আরও পড়ুন: সংখ্যাগুরু বুথেও প্রার্থী নেই! বঙ্গ বিজেপিকে তলব ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্বর!
পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্বে ভাঙড়ে অশান্তির ছবি সামনে উঠে এসেছে। এরপরই আদালতে নিরাপত্তা চেয়ে মামলা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন আদালতে সওয়াল জবাবের সময় বিধায়কের আইনজীবী বলেন, “রাজ্যে বিজেপি’র ৭৭ জন বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পান। রাজ্যের বিধায়করাও পান। এমনকি সওকত মোল্লার মতো বিতর্কিত বিধায়কও জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। নওসাদ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চান, রাজ্য পুলিশের নয়।”

শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, “রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক নিরাপত্তা পেয়ে থাকেন। আর বর্তমান নির্বাচনের পরিবেশে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার প্রয়োজন।” এরপরই তিনি নির্দেশ দেন, যত তাড়াতাড়ি সম্ভব নওশাদ সিদ্দিকির হুমকি বিচার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে। ফলে এই মুহূর্তে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। ফলে এখনই কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ায় কিছুটা সমস্যা হবে।

উল্লেখ্য, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন। তবে নিরাপত্তা বিষয়ক দিকটি দেখাশোনা করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ। তাই বিধায়কের চিঠি তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর যাবতীয় বিবেচনার পর নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। নওশাদ সিদ্দিকীকে দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। এবিষয়ে গ্রীন সিগন্যাল দিতে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে খবর।
Nawshad Siddiqui-কে কেন্দ্রীয় নিরাপত্তা, নির্দেশ কলকাতা হাইকোর্টের




