উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ (Bay of Bengal Low Pressure) তৈরির সম্ভাবনা জোরালো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩ জুলাই নিম্নচাপ গঠনের পর থেকেই কলকাতা (Weather Kolkata Today)-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে। শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে এবং শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে বিশেষ সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৩ জুলাইয়ের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই সিস্টেম শক্তি সঞ্চয় করলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় টানা কয়েকদিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে।
বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা (Kolkata Weather Update)-তে আকাশ আংশিক মেঘলা থাকবে। দু’দিনই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
তবে শনিবার থেকে আবহাওয়ার আরও অবনতি হতে পারে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা বহাল থাকবে।
রবিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা, হাওড়া (Howrah), হুগলি (Hooghly), ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কার্যকর থাকবে। আগামী সোমবার পর্যন্ত এই সতর্কতা বহাল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সমুদ্রও এই সময় উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই ৩ জুলাই থেকে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী সমুদ্রে কোনও মৎস্যজীবীকে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে থাকা নৌকাগুলিকেও দ্রুত নিরাপদে ফিরে আসতে বলা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই সীমিত বলেই পূর্বাভাস।
পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর। নিম্নচাপের গতিপথ ও শক্তি অনুযায়ী আগামী কয়েকদিনে পূর্বাভাসে পরিবর্তন আসতে পারে। তাই বিশেষ করে উপকূলবর্তী জেলা ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।






