দেশজুড়ে ভয়াবহ তাপপ্রবাহের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। উত্তরপ্রদেশে পারদ ছুঁয়েছে ৪৮ ডিগ্রি, দিল্লিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪৬ ডিগ্রির আশপাশে। উত্তর থেকে পূর্ব ভারত পর্যন্ত একাধিক রাজ্যে জারি হয়েছে তীব্র গরমের সতর্কতা। এর মধ্যেই প্রশ্ন উঠছে— কবে মিলবে স্বস্তির বৃষ্টি?
ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। উত্তর-পশ্চিম, উত্তর, পূর্ব এবং মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ চলবে অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত। বিশেষ করে উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব এবং মধ্যপ্রদেশে গরমের দাপট সবচেয়ে বেশি।
দু’দিন আগেই উত্তরপ্রদেশের বন্দীতে তাপমাত্রা পৌঁছেছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লির একাধিক এলাকায় দিনের তাপমাত্রা ৪৪ থেকে ৪৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। একই সঙ্গে পঞ্জাব, হরিয়ানা, ছত্তীসগঢ়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহবিদদের উদ্বেগ আরও বাড়িয়েছে রাতের তাপমাত্রা। দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন এলাকায় রাতেও পারদ স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকছে। ফলে রাতেও মিলছে না স্বস্তি। দিল্লিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি ঘুরছে, যা অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।
মৌসম ভবন জানিয়েছে, দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ে ২৭ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে। পশ্চিম রাজস্থানে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত জারি থাকবে চরম গরম। বিহার, তেলঙ্গানা, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও আগামী কয়েক দিন সতর্কতা জারি রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এতটাই গুরুতর যে দেশের বহু শহরে দিনের তাপমাত্রা ৪৫-৪৭ ডিগ্রির আশপাশে পৌঁছে যাচ্ছে। গত মঙ্গলবার বিশ্বের উষ্ণতম ১০০ শহরের তালিকায় ভারতের একাধিক শহরের নাম উঠে আসে। দিল্লি, ফরিদাবাদ, আগরা, কোটা, রায়পুরের পাশাপাশি হিমালয়ের কোলের হরিদ্বারও সেই তালিকায় ছিল।
তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে পরিস্থিতি একেবারেই উল্টো। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজ়োরাম ও ত্রিপুরায় আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। উত্তর ভারত অভিমুখে এগিয়ে আসা পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে কলকাতাতেও গরমে নাজেহাল পরিস্থিতি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৬ ডিগ্রিতে। আপাতত কলকাতায় বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মাঝেমধ্যে দু’-এক পশলা বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বর্ষণ।



