বিশ্বকাপের ঠিক আগে দুঃসংবাদ—চোটে ছিটকে যেতে হয়েছিল দলে থাকা তরুণ পেসার হর্ষিত রানাকে। হাঁটুর গুরুতর সমস্যার কারণে শুধু টুর্নামেন্ট থেকেই নয়, মাঠ থেকেও সাময়িক বিদায় নিতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত অস্ত্রোপচারই ছিল একমাত্র উপায়। তবে সেই অস্ত্রোপচার সফল হয়েছে বলেই জানালেন হর্ষিত নিজেই, আর সেই খবরে স্বস্তি পেয়েছেন ভারতীয় সমর্থকরা।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার আপডেট দেন ডানহাতি এই ফাস্ট বোলার। হাসপাতালের বেডে শুয়ে থাম্বস-আপ দেওয়া ছবির সঙ্গে তিনি লেখেন, “অস্ত্রোপচার সফল হয়েছে। এখন পুরো মনোযোগ সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরার দিকে।” তাঁর এই বার্তা থেকেই স্পষ্ট, চোট বেশ গুরুতর ছিল।
গত সপ্তাহে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে হাঁটুতে চোট পান হর্ষিত। তিনি মাত্র এক ওভার বল করেছিলেন, যেখানে ১৬ রান দেন। সেই ওভারেই রান-আপের সময় বারবার অস্বস্তি দেখা যায়, শেষ পর্যন্ত ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
ভারতের প্রথম ম্যাচ ছিল আমেরিকার বিরুদ্ধে। সেই ম্যাচের এক দিন আগেই হর্ষিতকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয় অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে।
শেষ মুহূর্তে দলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই নজর কাড়েন সিরাজ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৬১ রান রক্ষা করতে নেমে চার ওভারে তিন উইকেট তুলে নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।
বিশ্বকাপের আগে ভালো পারফরম্যান্সের জোরেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন হর্ষিত। জশপ্রীত বুমরা ও আর্শদীপ সিংয়ের পর তৃতীয় পেসার হিসেবে তাঁকে ভরসাযোগ্য ব্যাকআপ হিসেবেই ভাবা হচ্ছিল। কিন্তু চোটের কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়।
এখন সফল অস্ত্রোপচারের পর পুনর্বাসন পর্ব শুরু হতে চলেছে। সব কিছু ঠিকঠাক চললে, আগামী কয়েক মাসের মধ্যেই আবার মাঠে দেখা যেতে পারে এই প্রতিশ্রুতিশীল পেসারকে—এমনটাই আশা ক্রিকেটমহলের।



