নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ধুপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করাতে সোমবারই চিঠি পাঠানো হয়েছিল রাজভবনে। যেহেতু রাজ্যপালের ১২ দিনের জন্য বিদেশে থাকার কথা ছিল, তাই তাঁর সফর শুরুর আগেই বিধায়কের শপথবাক্য পাঠ করাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় রাজ্যপালের বিদেশ সফর।
আরও পড়ুন: অধরা ছাত্রমৃত্যুর রহস্য, প্রায় একমাস পর খুলল কসবাকাণ্ডের জেরে বন্ধ স্কুল


এরপরেই ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করানো নিয়ে তৎপর হন রাজ্যপাল। এবিষয়ে এবার সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ফেললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের দাবি, রাজভবনেই হোক রাজবংশী ওই বিধায়কের শপথ অনুষ্ঠান। আর তাতেই রাজভবনের গরিমা বাড়বে বলেই জানিয়েছেন তিনি।

যদিওবা রাজ্যপালের এই চিঠির জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী এই চিঠির প্রতিলিপি পাঠান স্পিকারকে। সেই চিঠি হাতে পাওয়ার পর রাজ্যপালকে জবাবও পাঠানো হয়। রাজ্যপালকে উত্তরে জানানো হয় যে, “বিধানসভার গরিমা অনেক বেশি। এই বিধানসভায় সব ধর্ম-বর্ণের মানুষ শপথ নিয়েছেন। আপনি বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান।”



প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে অর্থাৎ ৮ সেপ্টেম্বর ধুপগুড়ি উপনির্বাচনের ফল ঘোষণা হয়। আর সেখানে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে জয় পান তৃণমূলের নির্মলচন্দ্র। তবে রাজভবন এবং পরিষদীয় দফতরের টানাটানিতে এখনও পর্যন্ত বিধায়ক পদে শপথ নিতে পারেননি শাসকদলের জয়ী প্রার্থী। অবশেষে এই বিষয়ে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। তবে ইতিমধ্যেই সেই জট কাটতে চলছে। এবার দেখার বিষয় যে, রাজ্যপাল কি বিধানসভায় শপথগ্রহণের অনুষ্ঠানে সম্মতি দেন কি না!
রাজভবনেই শপথ নিক ধূপগুড়ির বিধায়ক, চিঠি রাজ্যপালের








