নজরবন্দি ব্যুরো: বিশ্ববিদ্যালয়গুলিতে সরাসরি হস্তক্ষেপ করল রাজভবন। সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হল। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে উপাচার্যদের সংঘাত এখনও অনেকেরই মনে আছে। এরই মধ্যে রাজভবন থেকে পাঠানো হল একগুচ্ছ নির্দেশিকা।
আরও পড়ুন: Heart Attack: বাড়ছে কম বয়সে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, কোন কোন অভ্যাসে বদল আনা দরকার জানালেন চিকিৎসক
জানানো হয়েছে, উপাচার্যদের প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রিপোর্ট রাজভবনে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহে কি কি হয়েছে বিস্তারিত উল্লেখ করতে হবে। কোনও বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে রাজভবনের আগাম অনুমোদন দিতে হবে। এমনকি উপাচার্যরা বিকাশ ভবনকে না জানিয়েও সরাসরি রাজভবনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলেও জানানো হয়েছে।

এই নির্দেশিকাকে ঘিরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষা মহলে। একাংশের কথায়, আবারও কি রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইঙ্গিত উঠছে? যদিও অধ্যাপক সংগঠনের দাবি, আগামিদিনে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কোনদিকে ঘুরবে তা এই চিঠির উত্তরে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়গুলিতে হস্তক্ষেপ রাজভবনের, সাপ্তাহিক রিপোর্ট চাইলেন রাজ্যপাল
কয়েকদিন আগেই রাজভবনে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের একাধিক উপাচার্যদের উপস্থিতিতে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য অর্থাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। ওই বৈঠকের পরই উপাচার্যদের মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়ে দেন রাজ্যপাল। শিক্ষামন্ত্রী সেইসময় রাজ্যপালকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে বলেছিলেন, রাজ্য-রাজভবন সংঘাত এখন অতীত, কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, রাজভবনের এই নয়া নির্দেশিকা অন্য কথা বলছে।



