শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ (Loksabha Election)। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ১৫%। প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই নানান জায়গা থেকে আসছে অশান্তির খবর।



আরও পড়ুন: দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে
ভোটের দিন উত্তরবঙ্গ যেতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। কিন্তু কমিশনের তরফে সেই অনুমতি মেলেনি। তাহলেও সকাল থেকেই রাজভবনের পিস রুম থেকে সবটা সরেজমিনে নজরদারি চালাচ্ছেন তিনি। তাঁর সামনে রয়েছে টিভি স্ক্রিন এবং চারটি টেলিফোন। সেখানে অনবরত ফোন আসছে। তাঁকে সহযোগিতা করছেন রাজভবনের দুই কর্মী।



শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন। তুফানগঞ্জে আবার একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সেখানে মহিলারা জানিয়েছেন, তাঁরা তৃণমূলের সমর্থক কিন্তু তাদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

প্রসঙ্গত ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই উত্তপ্ত কোচবিহার। শীতলকুচি, দিনহাটা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পেয়ে আজ কোচবিহার যেতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু, প্রোটোকল জনিত সমস্যা এবং আদর্শ আচরণ বিধি ভঙ্গ হবে এই কারণ দেখিয়ে সিভি আনন্দ বোসের উত্তরবঙ্গ সফর বাতিল করার পরামর্শ দেয় কমিশন। তবে, রাজ্যপালের কাছে যা যা অভিযোগ জমা পড়ছে টা কমিশনের কাছেই তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন।







