নজরবন্দি ব্যুরোঃ গত ২৬ তারিখ থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হয়েছে এবারের আইপিএল। যেখানে সহজ জয় তুলে নিজেদের অভিযান শুরু করেছিল কলকাতা। কিন্তু তারপরে ও মনখারাপ ছিল সকলের। হাতের নাগালে ক্রিকেট উৎসব চললে ও সকলের মাঠে আসার অনুমতি ছিল না। মূলত করোনার কথা মাথায় রেখেই দর্শকদের প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করেছিল বিসিসিআই। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে পরিস্থিতি। তাই এবার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর আনল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ ক্যান্সারের ঝুঁকি কমায় আঙুর! রয়েছে আরও একাধিক রোগের সমাধান


এবার থেকে আইপিএল ম্যাচ দেখা জন্য দ্বিগুণ সমর্থক প্রবেশ করতে পারবেন স্টেডিয়ামে। অর্থাৎ ২৫ শতাংশ দর্শকের বদলে ৫০ শতাংশ দর্শক নিয়েই চলবে প্রতিটি ম্যাচ। যা শুনে খুশির পরিবেশ ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। উল্লেখ্য, গত ২০২০ সালে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমিরশাহিতে হয়েছিল গোটা টুর্নামেন্ট। পাশাপাশি করোনা পরিস্থিতির জন্য মাঠে প্রবেশে ও ছিল নিষেধাজ্ঞা। যে কারণে স্টেডিয়ামে বসার সুযোগ মেলেনি কারুর।
তবে এই মুহূর্তে অনেকটাই আলাদা পরিস্থিতি। তাই বোর্ডের তরফে জানানো হয়েছে, “করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আক্রান্তের সংখ্যা ও কমছে ধীরে ধীরে। তাই স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়ানোর কথা ভাবছে বিসিসিআই। এবার ৫০ শতাংশ দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, মাঠে বাড়ছে আসন সংখ্যা

কবে থেকে চালু হবে এই নিয়ম? জানা গিয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকরী হতে পারে এই নিয়ম। তবে দর্শক সংখ্যা দ্বিগুণ করার ব্যাপারে ভিন্ন ভিন্ন মত উঠে এসেছে সমর্থকদের তরফে। অনেকেই মনে করছেন, আইপিএলের ম্যাচ দেখার জন্য তুঙ্গে রয়েছে টিকিটের চাহিদা। এই পরিস্থিতি সকলের চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে পারছে বিসিসিআই। তাই এই সিদ্ধান্ত। আবার অনেকে বলছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় উপার্জনের মাত্রা বাড়াতে এই উদ্যোগ বোর্ডের।









