নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে একে একে সব হাসপাতালে বাড়ানো হচ্ছে বেডের পরিমাণ। একাধিক জায়গায় বানানো হয়েছে সেফ হোম। এবার থেকে গোয়েঙ্কা হাসপাতালেও হবে করোনা রোগীর চিকিৎসা। এর আগেই গোয়েঙ্কা হাসপাতালকে কোভিড কেয়ার সেন্টার হিসাবে ব্যাবহার করার আর্জি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রস্তাব দিয়েছিল স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ অসমে ক্ষমতায় ফিরেই নাগরিকপঞ্জি তালিকা খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি।
এদিন সেই প্রস্তাবেই সম্মতি জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি পাঠানো হয় স্বাস্থ্য দফতরের তরফে। চিঠিতে বলা হয়েছিল, ”গোয়েঙ্কা হাসপাতালে আমরা একটি কোভিড কেয়ার সেন্টার চালু করতে চাই। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাইছি। আপনার অনুমতি পেলেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এ ব্যাপারে কাজ শুরু করবে।” স্বাস্থ্য মন্ত্রকের চিঠি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে অনুমতি দেয় কলিকাতা বিশ্ববিদ্যালয়।
খুব শীঘ্রই গোয়েঙ্কা হাসপাতাল করোনার চিকিৎসা শুরু হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধমুখি। হাসপাতালে বেডের অভাবে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীর পরিবার পরিজনদের। এমন পরিস্থিতিতে শহরে নতুন কোভিড কেয়ার সেন্টার চালু হওয়ায় কিছুটা সুরাহা মিলবে বলে মনে করা হচ্ছে।



