এবার হার্দিকের সঙ্গে কি মতবিরোধ গম্ভীরের? ভাইরাল ভিডিও ঘিরে তৃতীয় টি-২০র আগে আলোচনা তুঙ্গে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০র পর হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে কোচ গৌতম গম্ভীরের কথোপকথনের ভিডিও ঘিরে প্রশ্ন উঠছে ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলে সব কিছু কি সত্যিই স্বাভাবিক চলছে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেটমহলে। বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে জল্পনা এখনও থামেনি। তার মধ্যেই এবার আলোচনায় উঠে এল হার্দিক পাণ্ডিয়ার নাম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির পর একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়। সেখানে দেখা যায়, হার্দিকের সঙ্গে বেশ গম্ভীর মুখে কথা বলছেন ভারতের কোচ। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনেকে ধরে নিচ্ছেন—আরেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গেও কি মতবিরোধে জড়ালেন গম্ভীর?

মুল্লানপুরে হওয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ভারত। সেই ম্যাচে হার্দিকের পারফরম্যান্সও নজর কাড়েনি। তিন ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। ব্যাট হাতে ২৩ বলে করেন মাত্র ২০ রান। নেটিজেনদের একাংশের অনুমান, এই পারফরম্যান্স নিয়েই হয়তো কোচের সঙ্গে আলোচনা হচ্ছিল তাঁর।

ম্যাচ চলাকালীন গম্ভীরের শরীরী ভাষাও ছিল বেশ কড়া। অর্শদীপ সিং চাপের মুখে এক ওভারে সাতটি ওয়াইড দিলে ডাগআউটে স্পষ্টতই বিরক্ত দেখা যায় কোচকে। সেই ওভারে ১৩টি বল ও ১৮ রান চলে যায় প্রোটিয়াদের খাতায়—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

তবে ক্রিকেট মহলের একাংশ মনে করছে, এই ধরনের দৃশ্য নতুন কিছু নয়। টিম মিটিং বা ম্যাচের পর পারফরম্যান্স নিয়ে আলোচনা হতেই পারে। গম্ভীর তাঁর কোচিং কেরিয়ারে বরাবরই স্পষ্ট ও কঠোর মনোভাবের জন্য পরিচিত।

এখন নজর তৃতীয় টি-টোয়েন্টির দিকে। ধরমশালায় এই ম্যাচ জিতলে সিরিজে এগিয়ে যাবে ভারত। কিন্তু তার আগে প্রশ্ন একটাই—এই চাপ আর গম্ভীরের কড়া মনোভাব কি দলের পরিবেশে প্রভাব ফেলবে, না কি সেখান থেকেই ঘুরে দাঁড়াবে ভারত?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন