নজরবন্দি ব্যুরোঃ লকডাউনে বিমানের টাকা পুরো ফেরত পাওয়া যাবে, লকডাউনের সময় বাতিল হয়েছে সকল বিমান। আগে থেকে বুক করা সিটের টাকা দেওয়া হয়নি যাত্রীদের । কিন্তু এবার সেই টিকিটের পুরো টাকাই যাত্রীদের ফেরত দিতে হবে। বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রণ সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর পরামর্শ অনুযায়ী মঙ্গলবার এই রায় দিয়েছে শীর্ষ আদালত।
এ দিন শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের এক বেঞ্চ জানিয়েছে, লকডাউন চলাকালীন বিমানের টিকিট বাতিল করলে তাতে কোনও ক্যানসেলেশন ফি দিতে হবে না যাত্রীকে। দেশীয় এবং আন্তর্জাতিক— দুই উড়ানের জন্যই এই নির্দেশ বলবৎ হবে বলেও জানিয়েছে বেঞ্চ।
পাশাপাশি, টাকা ফেরতের জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত একটি ক্রেডিট সেল স্কিমেও অনুমোদন করেছে শীর্ষ আদালত।আদালতের নির্দেশ, ট্র্যাভেল এজেন্টদের মাধ্যমে যাঁরা বিমানের টিকিট কিনেছেন, তাঁদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাতিল টিকিটের টাকা ফেরত পেলে, সেখান থেকেই তা সংগ্রহ করতে পারবেন।
লকডাউনে বিমানের টাকা পুরো ফেরত পাওয়া যাবে, বিমান সংস্থাগুলিকে টাকা ফেরতের জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় ধার্য করেছে আদালত। তবে লকডাউনের সময় টিকিটের বুকিং করলে, বিমান সংস্থাগুলিকে তা অবিলম্বে ফেরত দিতে হবে। কারণ, লকডাউনের চলাকালীন কোনও যাত্রীর থেকেই টিকিট বুকিং করতে পারে না বিমান সংস্থাগুলি।



