ওল্ড মঙ্কের তিন ভ্যারিয়্যান্টে বিক্রিতে স্থগিতাদেশ! কেন কড়া পদক্ষেপ নিল FSSAI, কী বলছে নিয়ম?

কৃত্রিম ফ্লেভারিং ও বয়স-সংক্রান্ত দাবিতে অনিয়মের অভিযোগে ওল্ড মঙ্কের তিনটি ভ্যারিয়্যান্টের বিক্রি স্থগিত করল FSSAI। অন্য কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডও নিয়ন্ত্রক পদক্ষেপের আওতায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের অন্যতম জনপ্রিয় রাম ব্র্যান্ড ওল্ড মঙ্ক (Old Monk)-এর নির্দিষ্ট তিনটি ভ্যারিয়্যান্টকে ঘিরে বড় পদক্ষেপ নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। খাদ্য নিরাপত্তা ও লেবেলিং সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে ওই ভ্যারিয়্যান্টগুলির বিক্রি ও বিতরণে স্থগিতাদেশ জারি করেছে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। শুধু ওল্ড মঙ্কই নয়, আরও কয়েকটি জনপ্রিয় রাম ও হুইস্কি ব্র্যান্ডের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এফএসএসএআই-এর অভিযোগ, সংশ্লিষ্ট কিছু পণ্যে কৃত্রিম বা ‘নেচার-আইডেন্টিক্যাল’ ফ্লেভারিং ব্যবহার করে রাম বা হুইস্কির স্বাভাবিক স্বাদ ও গন্ধ তৈরি করা হয়েছে। নিয়ন্ত্রকের মতে, এই পদ্ধতি প্রচলিত উৎপাদন মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে। পাশাপাশি কয়েকটি পণ্যের লেবেলে উল্লেখ করা বয়স বা ‘এজ স্টেটমেন্ট’-এর দাবিও বিধি অনুযায়ী সঠিক নয় বলে অভিযোগ উঠেছে।

বিশেষ করে Old Monk XXX Rum-এর একটি ভ্যারিয়্যান্টের গায়ে ‘7 Years Old Blended’ দাবিকে প্রশ্নের মুখে তুলেছে নিয়ন্ত্রক সংস্থা। তদন্তে দেখা গিয়েছে বলে FSSAI দাবি করেছে, ওই পণ্যে পরিপক্ব রামের পরিমাণ ৫ শতাংশেরও কম এবং মূল উপাদান ছিল নিউট্রাল স্পিরিট। Food Safety and Standards (Alcoholic Beverages) Regulations, 2018 অনুযায়ী, মিশ্রণে ব্যবহৃত সবচেয়ে কম বয়সের স্পিরিটের ভিত্তিতেই বয়সের উল্লেখ করতে হয়। সেই নিয়ম লঙ্ঘনের অভিযোগই সামনে এসেছে।

নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট ভ্যারিয়্যান্টগুলির বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে এটি সব ধরনের ওল্ড মঙ্ক পণ্যের উপর নিষেধাজ্ঞা নয়। নির্দিষ্ট কারখানায় উৎপাদিত এবং চিহ্নিত কিছু ভ্যারিয়্যান্টের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হয়েছে। সংস্থাগুলি প্রয়োজনীয় সংশোধন করে বিধি মেনে চলার প্রমাণ দিলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

ওল্ড মঙ্কের পাশাপাশি McDowell’s No. 1, Royal Challenge, Bagpiper-সহ আরও কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের কিছু নির্দিষ্ট ভ্যারিয়্যান্টও এই নিয়ন্ত্রক পদক্ষেপের আওতায় এসেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা আইনি পথেও এগিয়েছে বলে জানা গিয়েছে।

খাদ্য নিরাপত্তা ও সঠিক লেবেলিং নিশ্চিত করতে সাম্প্রতিক সময়ে FSSAI বিভিন্ন খাদ্য ও পানীয় পণ্যের উপর নজরদারি আরও কড়া করেছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য গ্রাহকদের কাছে পণ্যের প্রকৃত উপাদান ও মান সম্পর্কে স্বচ্ছ তথ্য পৌঁছে দেওয়া এবং বিভ্রান্তিকর দাবি রোধ করা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন