বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালুর পর মহিলাদের যাতায়াত উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে একাধিক ব্যস্ত রুটে যাত্রীচাপ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে কলকাতা ও সংলগ্ন এলাকার ১৪টি গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত সরকারি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।
পরিবহণ দপ্তরের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে, কিছু রুটে যাত্রীসংখ্যা ২২ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ চালু হওয়ার পর অফিস টাইমের পাশাপাশি দিনের অন্যান্য সময়েও বাসে তীব্র ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই যেসব রুটে অতিরিক্ত বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রয়েছে উল্টোডাঙা-ইকো স্পেস, ইকো পার্ক-হাওড়া স্টেশন, উল্টোডাঙা-সেক্টর ফাইভ, যাদবপুর-করুণাময়ী, রথতলা-হাওড়া স্টেশন, উল্টোডাঙা-রুবি, হাওড়া স্টেশন-গড়িয়া, হাওড়া স্টেশন-বিমানবন্দর এবং রুবি-হাওড়া সহ আরও কয়েকটি ব্যস্ত রুট।
পরিবহণ কর্তাদের পর্যবেক্ষণে আরও একটি উদ্বেগজনক বিষয় সামনে এসেছে। অভিযোগ, কিছু ক্ষেত্রে বাসচালক ও কন্ডাক্টররা স্টপেজে অপেক্ষারত মহিলা যাত্রীদের দেখেও বাস থামাচ্ছেন না। যেহেতু এই যাত্রীদের টিকিট কাটতে হয় না, তাই এমন প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই ধরনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে পরিবহণ দপ্তর। সব পরিবহণ নিগমকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সমীক্ষায় আরও দেখা গিয়েছে, কয়েকটি রুটে যাত্রীচাপ এতটাই বেড়েছে যে বাসে দাঁড়ানোর জায়গাও পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। অতিরিক্ত বাস পরিষেবা চালু হলে অপেক্ষার সময় যেমন কমবে, তেমনই ভিড়ের চাপও কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে প্রশাসন।
বর্তমানে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগমের অধীনে ৩৬৮টি রুটে মোট ১,৭৮৩টি সরকারি বাস চলাচল করছে। পাশাপাশি আগামী ছ’মাসের মধ্যে আরও ৫০টি ইলেকট্রিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনাও রয়েছে। ধাপে ধাপে সরকারি বাসের বহর বাড়িয়ে যাত্রী পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার।



