লাল, নীল-সাদার পরে এ বার গেরুয়া। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ (Arjun Singh) মঙ্গলবার ঘোষণা করলেন, এখন থেকে নতুন যে সরকারি বাস কেনা হবে, তার রং হবে গেরুয়া। পূর্বতন দুই সরকারের পছন্দের রং নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। মন্ত্রীর ব্যাখ্যা, দেশের কথা ভেবেই ত্যাগের রং গেরুয়াকে বেছে নেওয়া হয়েছে।
বাম আমলে রাজ্যে সরকারি বাসের গায়ে ছিল লাল রং। পরে তৃণমূল (TMC) সরকারের আমলে সেই রং বদলে হয় নীল-সাদা। ইতিমধ্যেই বেশ কিছু বাসের গায়ে গেরুয়া রং করা হয়েছে। গত সপ্তাহে সোনারপুর (Sonarpur) থেকে ইকো স্পেসগামী (Eco Space) এসি ৫৮ বাসগুলিতেও গেরুয়া রং দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (WBTC) একটি সূত্র আগে জানিয়েছিল, বাসের রং পরিবর্তন নিয়ে এখনও সরকারি ভাবে কোনও নতুন নীতি গ্রহণ করা হয়নি। কিন্তু মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে সরাসরি ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী স্বয়ং।
মন্ত্রী অর্জুন সিংহ বলেন, “লাল রং বিপদের প্রতীক, নীল-সাদা চুরির প্রতীক। গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদী, তাই দেশের কথা ভেবে ত্যাগের প্রতীক গেরুয়া রংকেই বেছে নেওয়া হয়েছে।” তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, “এখন অ্যাপল (Apple) কোম্পানিও গেরুয়া রঙের মোবাইল বিক্রি করছে, বুঝতে পারছেন!” পাশাপাশি বিজেপির (BJP) স্লোগানের কথাও মনে করিয়ে দেন মন্ত্রী। তাঁর কথায়, “রামরাজ ফির আয়েগা, গেরুয়াধারী আয়েঙ্গে।”
তবে সরকারি বাসের রং বদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নিত্যযাত্রীদের মধ্যে। মন্ত্রী রং পরিবর্তনের কথা বললেও যাঁরা রোজ বাসে যাতায়াত করেন, তাঁদের একাংশের প্রশ্ন, এ বার পরিষেবার মানেরও কি কোনও পরিবর্তন হবে? নিত্যযাত্রীদের দীর্ঘ দিনের অভিযোগ, দীর্ঘ ক্ষণ সরকারি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। গত কয়েক বছরে রাজ্যে সরকারি বাসের সংখ্যা আরও কমেছে। এক যাত্রীর সরল প্রশ্ন, “বাসের রং গেরুয়া হলে কি অপেক্ষার সময় কমবে?” বাস কর্মীদের একটি সূত্র বলছে, শুধু বাস নয়, চালক ও কর্মীরও অভাব রয়েছে। রঙের পরিবর্তনের পাশাপাশি ব্যবস্থাপনারও পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন কেউ কেউ।






