নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিলেন সঞ্জু! তাঁর দেওয়া ব্যাটে ৫৭ বলে শতরান আজহারউদ্দিনের, আবেগঘন মুহূর্ত

অসুস্থ শরীর নিয়েও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৫৭ বলে ১০১ রান করলেন মহম্মদ আজহারউদ্দিন। নিজের ওপেনিংয়ের জায়গা ছেড়ে তাঁকে সুযোগ দিয়েছিলেন সঞ্জু স্যামসন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জ্বর, মাথাব্যথা, গলাব্যথা নিয়েও মাঠে নেমেছিলেন। আর সেই ম্যাচেই ৫৭ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন কেরলের মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddeen)। তবে তাঁর শতরানের পিছনে রয়েছে অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) একটি বিশেষ সিদ্ধান্ত। নিজের স্বাভাবিক ওপেনিংয়ের জায়গা ছেড়ে আজহারউদ্দিনকে ওপেন করার সুযোগ দিয়েছিলেন সঞ্জু। শতরানের পর ব্যাটে লেখা ‘Samson’ নামটি ক্যামেরার সামনে তুলে ধরে সেই অবদানের কথাই স্মরণ করলেন কেরলের উইকেটকিপার-ব্যাটার।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর নিউ চণ্ডীগড়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরল। টুর্নামেন্টে টিকে থাকার জন্য এই ম্যাচে জয় অত্যন্ত জরুরি ছিল দুই দলের কাছেই। অসুস্থ শরীর নিয়েও খেলতে চেয়েছিলেন আজহারউদ্দিন। তাঁর কথায়, আগের কয়েকটি ম্যাচে ভালো রান পাওয়ায় তিনি আত্মবিশ্বাসী ছিলেন। দলের কাছেও অনুরোধ করেছিলেন, যে পরিস্থিতিই হোক তাঁকে যেন এই ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়।

কেরলের ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আজহারউদ্দিন। ওপেনিংয়ে রোহন কুন্নুম্মলের সঙ্গে প্রথম উইকেটে মাত্র ৫.৪ ওভারে ৮২ রান যোগ করেন তিনি। কুন্নুম্মল ১৬ বলে ৩৫ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক সঞ্জু স্যামসন।

দ্বিতীয় উইকেটে সঞ্জু ও আজহারউদ্দিনের জুটি যোগ করে ৪০ বলে ৭৭ রান। সঞ্জু ২১ বলে ৪৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছয়। অন্যদিকে আজহারউদ্দিন নিজের ছন্দ বজায় রেখে পৌঁছে যান শতরানে। ৫৭ বলে ১০১ রানের ইনিংসে আটটি চার ও ছয়টি ছক্কা মারেন তিনি।

শতরানের পর ব্যাটটি ক্যামেরার দিকে ঘুরিয়ে ধরেন আজহারউদ্দিন। সেখানে স্পষ্ট দেখা যায় ‘Samson’ লেখা স্টিকার। প্রথমে অনেকেই ভেবেছিলেন, সঞ্জুর উপহার দেওয়া ব্যাট ব্যবহার করার জন্যই এই বিশেষ উদ্‌যাপন। কিন্তু আজহারউদ্দিন জানিয়েছেন, এর পিছনে রয়েছে আরও বড় কারণ।

তাঁর কথায়, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সময় থেকেই সঞ্জুর দেওয়া ব্যাট ব্যবহার করছেন তিনি। কিন্তু এবার ব্যাটে সঞ্জুর নাম দেখানোর আসল কারণ, নিজের ব্যাটিং পজিশন ছেড়ে তাঁকে ওপেন করার সুযোগ করে দেওয়া।

আজহারউদ্দিন জানিয়েছেন, সঞ্জু বিশ্বমানের ওপেনার। তবুও কেরল ক্রিকেট লিগে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কথা মাথায় রেখে সঞ্জু নিজেই তাঁকে ওপেন করতে বলেন। সেই প্রতিযোগিতায় ৫৯৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন আজহারউদ্দিন। সঞ্জু তাঁকে জানিয়েছিলেন, তিনি ওপেন করবেন এবং নিজে তিন নম্বরে ব্যাট করতে নামবেন। সেই সিদ্ধান্তের জন্যই শতরানের পর ব্যাটে সঞ্জুর নাম দেখিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আজহারউদ্দিন।

শুধু ব্যাটিং পজিশন ছেড়ে দেওয়াই নয়, ক্রিজে একসঙ্গে থাকার সময়ও সঞ্জু তাঁকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। কোন বোলারকে আক্রমণ করতে হবে, কখন সিঙ্গল নেওয়া উচিত, কখন বড় শট খেলতে হবে—সব ক্ষেত্রেই পাশে ছিলেন অধিনায়ক। আজহারউদ্দিনের মতে, সঞ্জুর সঙ্গে ব্যাটিং করলে তাঁর কাজ অনেক সহজ হয়ে যায়।

এ দিনের ম্যাচে কেরল ২০ ওভারে চার উইকেট হারিয়ে তোলে ২৬৮ রান। জবাবে হিমাচল প্রদেশ ২০ ওভারে ছয় উইকেটে ২০১ রানেই আটকে যায়। ফলে ৬৭ রানে জয় পায় কেরল এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে জায়গা নিশ্চিত করে।

গত কয়েকটি ম্যাচে দুরন্ত ফর্মে রয়েছেন ৩২ বছরের আজহারউদ্দিন। শেষ তিনটি ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭২ রান। পাঁচ বছর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) তাঁকে দলে নিলেও এখনও আইপিএলে খেলার সুযোগ পাননি তিনি। তবে ভারতের হয়ে খেলার স্বপ্ন এখনও ছাড়েননি এই কেরল ব্যাটার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর