আধার ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। বিনামূল্যে অনলাইন আধার আপডেটের সময়সীমা আরও এক বছর বাড়াল UIDAI। ফলে যাঁরা এখনও পরিচয় বা ঠিকানার নথি আপডেট করেননি, তাঁরা অতিরিক্ত সময় পাচ্ছেন প্রয়োজনীয় সংশোধন করার জন্য। নতুন সময়সীমা অনুযায়ী, বিনামূল্যে এই পরিষেবা মিলবে ১৪ জুন ২০২৭ পর্যন্ত।
আগে এই সুবিধার শেষ তারিখ ছিল ১৪ জুন ২০২৬। এবার তা আরও এক বছর বাড়ানো হয়েছে। সরকারের লক্ষ্য, বেশি সংখ্যক আধার ব্যবহারকারী যেন নিজেদের নথি সময়মতো আপডেট করে রাখেন এবং সরকারি ও আর্থিক পরিষেবা নিতে কোনও সমস্যায় না পড়েন।
এই সুবিধা শুধুমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ পরিচয়পত্র ও ঠিকানার নথি আপলোড করে আপডেট করতে হলে ব্যবহার করতে হবে আধারের অফিসিয়াল মাইআধার পোর্টাল।
কীভাবে বিনামূল্যে আধার আপডেট করবেন?
১. MyAadhaar Portal-এ যান
২. আধার নম্বর দিয়ে লগ ইন করুন
৩. নিবন্ধিত মোবাইল নম্বরে পাওয়া OTP দিয়ে ভেরিফাই করুন
৪. ‘Document Update’ বা ‘Address Update’ অপশন নির্বাচন করুন
৫. প্রয়োজনীয় নথি আপলোড করুন
৬. সাবমিট করে রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন
তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে— আপলোড করা ফাইলের সাইজ ২ এমবির মধ্যে রাখতে হবে।
এখানে মনে রাখা জরুরি, সব ধরনের তথ্য কিন্তু অনলাইনে বিনামূল্যে আপডেট করা যাবে না। যেমন—
- বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট)
- ছবি পরিবর্তন
- মোবাইল নম্বর আপডেট
- লিঙ্গ সংক্রান্ত তথ্য
- জন্মতারিখ সংশোধন
এই ধরনের পরিষেবার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে আধার সেবা কেন্দ্রে যেতে হতে পারে।
বর্তমানে ব্যাঙ্কিং, সরকারি প্রকল্প, KYC এবং বিভিন্ন সরকারি-বেসরকারি পরিষেবায় আধার গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়। তাই পুরনো বা ভুল তথ্য থাকলে ভবিষ্যতে সমস্যা এড়াতে সময়মতো আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে নতুন আধার অ্যাপ ও আধার কার্ডের ডিজাইন পরিবর্তন নিয়ে জল্পনা থাকলেও, ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি।



