নজরবন্দি ব্যুরো: প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক। চিরঘুমের দেশে চলে গেলেন ফুটবলার চন্দন ব্যানার্জী। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আরএসবি হাসপাতালে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যান্সারে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯। চন্দন ব্যানার্জীর মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান।
আরও পড়ুন: লর্ডসে শতরানের দোরগোড়ায় স্মিথ, টসে জিতে বল ভুল সিদ্ধান্ত বলছে মহল
একসময় কলকাতা ময়দানে ঝড় তুলেছিলেন চন্দন ব্যানার্জী। ১৯৫৪ সালে মিলন সমিতির হয়ে খেলা শুরু করেন। খেলেছেন ভবানীপুর ও জর্জ টেলিগ্রাফের হয়েও। এরপর ১৯৬৩ সালে যোগ দেন ইস্টবেঙ্গল ক্লাবে। ১৯৬৬ সাল নাগাদ তাঁকে লাল হলুদ শিবিরের অধিনায়ক করা হয়। ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা ছিল অগাধ। ষাটের দশকে টানা চার বার কলকাতা লিগ জেতা মোহনবাগানের বিজয় রথ থামিয়ে দিয়েছিল চন্দন ব্যানার্জীর নেতৃত্বে থাকা ইস্টবেঙ্গল। ফলে সমর্থকদের চোখের মণি হয়ে উঠতে সময় লাগেনি। ফুটবল থেকে অবসর নিয়ে নিলেও ক্লাবের সঙ্গে কোনোদিন সম্পর্ক ছিন্ন করেননি। নিয়মিত যেতেন ক্লাবের তাঁবুতে। ২০১৫ সালে তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেয় ইস্টবেঙ্গল ক্লাব।

মৃত্যুর পর চন্দন ব্যানার্জীর দেহ নিয়ে আসা হয় তাঁর বেহালার পর্ণশ্রীর বাড়িতে। বেলা ১১টার সময় ইস্টবেঙ্গল ক্লাবের তরফে তাঁকে সম্মানো জানানো হবে ক্লাবের তাঁবুতে। এরপর দেহ নিয়ে যাবার কথা কাস্টমস ক্লাবে। বিগত ১২ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে চন্দন ব্যানার্জীর।
প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক, চিরঘুমের দেশে চন্দন ব্যানার্জী









