তিন দিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগ দিয়েছেন কোয়াড সামিটে। পাশাপাশি, সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করছেন তিনি। দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবার জানা গেল, ফের একবার ভারতে ফিরতে চলেছে আমেরিকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ড।
২০২১ সালে ভারতে গাড়ি তৈরি বন্ধ করে দিয়েছিল ফোর্ড। কিছুদিন আগে তাঁরা ভারতে গাড়ি তৈরীর কারখানা পুনরায় চালু করার ইচ্ছাপ্রকাশ করে। চেন্নাইয়ে ফোর্ডের পুরনো যে কারখানাটি রয়েছে, সেটিকেই তাঁরা আবার ব্যবহার করতে চাইছে বলে সূত্রের খবর। আমেরিকার সফরের বাইডেনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে মোদির। দুই দেশের রাষ্ট্রপ্রধানই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।


ফোর্ডের প্রত্যাবর্তন ছাড়াও কলকাতায় এবার তৈরি হতে পারে একটি সেমিকন্ডাক্টর কারখানা। রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে এ বিষয়ে জানানো হয়েছে। এই কারখানা তৈরি হলে ভারত ও আমেরিকা দুই দেশেরই কর্মসংস্থান তৈরি হবে। সূত্রের খবর, মোদি ও বাইডেন উভয়ই কলকাতায় নিউ ইয়র্কের বহুজাতিক সংস্থা ‘গ্লোবাল ফাউন্ডারিজ’-এর একটি কারখানা তৈরীর বিষয়ে সহমত হয়েছেন। এই কারখানাটির নাম হবে ‘জিএফ কলকাতা পাওয়ার সেন্টার’।
এছাড়া সাইবার সুরক্ষার ক্ষেত্রে আমেরিকা ও ভারত দুই দেশই পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছে। চলতি বছর নভেম্বরে একটি দ্বিপাক্ষিক মঞ্চ শুরু কথা উঠে এসেছে মোদি-বাইডেন বৈঠকে। তাছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২০২৫ সালে একসঙ্গে কাজ করবে নাসা ও ইসরো। নিরাপত্তাকে জোরদার করতে আমেরিকান সংস্থা জেনারেল অ্যাটোমিক্সের থেকে ৩১টি ‘এমকিউ-৯বি’ ড্রোন কিনছে ভারত। সি-১৩০জে ‘সুপার হারকিউলিস’ বিমানের জন্য মার্কিন সংস্থা লকহিড মার্টিন এবং টাটা অ্যাডভান্সড সিস্টেম্স লিমিটেডের মধ্যে সাম্প্রতিক চুক্তি নিয়েও আলোচনা হয়েছে।







