আরজি কর ধর্ষণ ও খুন আবহে হরিদেবপুরে একটি হস্টেলের নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগ! অভিযোগের ভিত্তিতে হস্টেলের শিক্ষক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে বাকিদের। প্রথমে পাঁচ জন ছাত্রীর অভিভাবক হস্টেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তারপর হস্টেলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার অন্তর্গত কেওড়াপুকুর এলাকার সেন্ট পলস চার্চে। ওই চার্চের অধীনে একটি মেয়েদের হস্টেল রয়েছে। অভিযোগ, সেই হস্টেলের পাঁচজন নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তা করা হয়েছে! যদিও হস্টেল পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মহিলা। তিনি এবং তাঁর স্বামীই হস্টেলে থাকতেন। ওই মহিলার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনেন ছাত্রীরা। পরবর্তীতে জানা যায়, হস্টেলের অন্য আরও একজন শিক্ষক এবং কর্মচারীও এই ঘটনার সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে খবর, গত ২২ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার হস্টেলের ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের দেখা করার দিন ছিল। সেই দিন নিজেদের পরিবারের কাছে পাঁচ ছাত্রী নালিশ করেন, গত অগস্ট মাসে নাকি তাঁদের যৌন হেনস্থা করা হয়েছে। তাঁদের অভিযোগের তালিকায় রয়েছেন ইংরেজির এক শিক্ষকও। অভিভাবকদের কাছ থেকে বিষয়টি জানতে পারে হস্টেল কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়।
চার্চের ফাদার দিব্যেন্দু প্রামানিক থানায় অভিযোগ দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পাঁচ ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। যোগাযোগ করা হয়েছে শিশু সুরক্ষা কমিশনের সঙ্গেও। এই পাঁচজনকে প্রথমে হস্টেল থেকে উদ্ধার করে পুলিশ হোমে পাঠানো হয়। পরবর্তী শিশু সুরক্ষা কমিশনের নির্দেশ অনুযায়ী, তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন হস্টেলের পরিচালনার দায়িত্বে থাকা মহিলা, ইংরেজি শিক্ষক এবং হস্টেলে কর্মরত এক অভিযুক্ত কর্মচারী। তবে ওই মহিলার স্বামী ফেরার। তাঁকে খোঁজার চেষ্টা করছে পুলিশ।



