নজরবন্দি ব্যুরো: বুধবার কলকাতায় সভা করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিজেপির এই মেগা সমাবেশের ১২ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যজুড়ে তৎপর সিবিআই। বৃহস্পতিবার রাজ্যের একাধিক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সি। এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুললেন। তাঁর দাবি, অমিত শাহের নির্দেশেই তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুন: পাখির চোখ লোকসভা ভোট, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী


নারদা মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়ে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই সিবিআই হানা প্রসঙ্গে কলকাতার মহা নাগরিক বলেন, “অমিত শাহ নিশ্চয়ই বলে গিয়েছেন, তারপরই সিবিআই হানা। এসব করে কোনও লাভ হবে না। বিজেপি এইভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি পুলিশ দিয়ে লড়াই হয় না। লড়াই হয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং সংগঠন দিয়ে। যত আমরা আক্রান্ত হব, তত আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নেব। বাংলায় কোথাও পায়ের তলার মাটি পাবে না বিজেপি।”

যদিও ফিরহাদের এই অভিযোগের বিরোধিতা করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘তৃণমূল নিজেদের সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেলছে! ওরা যেমন রাজনৈতিক ভাবে সিআইডিকে ব্যবহার করে, তেমনটা বিজেপি করে না।’’

অমিত শাহের নির্দেশেই CBI হানা? চাঞ্চল্যকর অভিযোগ ফিরহাদের










