নজরবন্দি ব্যুরোঃ উপনির্বাচনের ভোট গ্রহন চলছে ভবানীপুরে, আর সেই ভোট ঘিরে যা নিরাপত্তার ব্যাবস্থা করেছে নির্বাচন কমিশন তা এক কথায় নজিরবিহীন ভবানীপুরে টহল দিচ্ছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কার্যত যুদ্ধের পরিস্থিতি। তারই মাঝে সিপিআইএম ক্যাম্পে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কে। বললেন, রাজনীতি অন্য বিষয়। এমনি আমাদের মধ্যে কোনও রেষারেষি নেই!
আরও পড়ুনঃ ৯ শতাংশ প্রবীণ নাগরিক ভোট দিলেন না, চিন্তা বাড়াল ভবানীপুরের পোস্টাল ব্যালট!
উপনির্বাচনের গরম আবহে এমন ছবি বিরল। সিপিআইএম কর্মীদের নিয়ে চায়ের আসর জমালেন ফিরহাদ হাকিম। এদিন কলকাতা পুরোসভার প্রশাসক বলেন, “পাড়ার ছেলে, এখানে রাজনীতি নেই। আমি আমার আদর্শে রাজনীতি করি। ও ওর আদর্শে রাজনীতি করে। এখানে আমাদের মধ্যে কোনও রেষারেষি নেই।” স্থানীয় বাসিন্দারা বলছেন এমন রাজনৈতিক সৌজন্যের ছবি যে সবসময় দেখা যায়। এর থেকে শান্তির কিছু নেই।
এদিকে, আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। ভবানীপুরের বিভিন্ন বুথে, অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট। বিজেপির সেই দাবিতে কার্যত সিলমোহর দিয়ে ভবানীপুর কেন্দ্র কে নিরাপত্তায় মুড়ে দিয়েছে নির্বাচন কমিশন।সব মিলিয়ে ভবানীপুরে টহল দিচ্ছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
নির্বাচন কমিশন সূত্রে খবর ভবানীপুরের সব বুথই উত্তেজনাপ্রবণ। তার মধ্যে ১৩ টি বুথ অতিরিক্ত উত্তেজনাপ্রবণ। সেই বুথ গুলোতে ভেতরে বাইরে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সাথে ৯ টি জায়গায় হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। ও ৮টি মোবাইল ভ্যান রাখা হয়েছে। তারমাঝেই সিপিআইএম, তৃণমূল এমন সম্প্রীতির ছবি দেখা যাবে আশা করেননি কেউ।
আমাদের মধ্যে কোনও রেষারেষি নেই, সিপিআইএম ক্যাম্পে জমিয়ে আড্ডা ফিরহাদের।
এদিন ফিরহাদ হাকিম বলেন, “আরে আমরা পাড়ার ছেলে। ছোট থেকে বন্ধু। আমার বাবা, ওর বাবাও বন্ধু। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। তাবলে ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায়।”



