সকালের শান্ত আবহ হঠাৎই ভেঙে দিল আগুনের লেলিহান শিখা। ইএম বাইপাস সংলগ্ন টলিপাড়ার তারকাদের বিলাসবহুল আবাসনে আচমকা আগুন লাগার ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ায়। পাঁচতলার একটি ব্যালকনি থেকে গলগল করে বেরোতে থাকা কালো ধোঁয়া ও আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। মুহূর্তের মধ্যে নিরাপদে নিচে নামতে শুরু করেন বহু মানুষ, তৈরি হয় তীব্র উৎকণ্ঠার পরিবেশ।
সোমবার সকালে আবাসনের নিরাপত্তারক্ষী ও বাসিন্দারা প্রথম আগুন দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাঁচতলার ব্যালকনিতে আচমকা দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশে। পরিস্থিতি বুঝেই সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে আসে বলে শেষ খবর। তবে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, ফলে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।
ইএম বাইপাসের ধারে অবস্থিত এই বিলাসবহুল আবাসনে টলিউডের একাধিক পরিচিত মুখের বসবাস। পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা অঙ্কুশ হাজরার মতো তারকারা এখানকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আগুন লাগার ঘটনায় তাঁদের সহ আবাসনের অন্যান্য বাসিন্দারাও নিরাপত্তার স্বার্থে দ্রুত নিচে নেমে আসেন।
প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানা গেছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



