গরমে কার্যত নাজেহাল অবস্থা। ভরা দুপুরে রাস্তায় বেরিয়ে গা যেন জ্বলে যাচ্ছে। রাস্তা ঘাট তেতে উঠেছে। এই অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ড শহরের ব্যস্ত রাস্তায়। পরপর তিনটি গাড়িতে আগুন (Fire Accident at Chandni Chowk) লেগে যায়। চাঞ্চল্য ছড়ায় আমজনতার মধ্যে। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে কারণ।

আরও পড়ুন: মিঠুন ‘গদ্দার’! কেন বিজেপিতে গেছেন অভিনেতা, বিস্ফোরক মমতা
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ চাঁদনি চকে অফিস পাড়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকাই আগুন জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পাশাপাশি দাঁড়িয়ে থাকা আরও দুটি গাড়িতে আগুন ছড়িয়ে যায়। তীব্র রোদের তেজের মাঝেই তিনটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়রাই দমকলে খবর দেয়।

দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। দুপুর ১ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার সময় গাড়িগুলিতে কেউ ছিলেন না বলেই জানা গিয়েছে। কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভরদুপুরে চাঁদনিচকের ব্যস্ত রাস্তায় পরপর তিনটি গাড়িতে আগুন, চাঞ্চল্য অফিস পাড়ায়

কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের কথায়, একটি গাড়ি থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপরই আগুনের শিখা দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই এমন দুর্ঘটনা। প্রাথমিক অনুমান, প্রবল গরমে ইঞ্জিন উত্তপ্ত হয়ে যাওয়ায় অগ্নিকাণ্ড ঘটতে পারে।



