নজরবন্দি ব্যুরো: সুপার কাপ জিততে মরিয়া সবুজ-মেরুণ ব্রিগেড। কলকাতায় এক সপ্তাহ অনুশীলনের পর রবিবার কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে মোহনবাগান।
আরও পড়ুন: Air India: মাঝ আকাশে ২ বিমানকর্মীকে মারধরের অভিযোগ, যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

কেরালা রওনা হওয়ার আগে মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরান্ডো বলেছেন, “গোকুলাম বনাম মহামেডান ম্যাচটা টিভিতে দেখেছি। কোচ বদলের পর পুরো গোকুলাম টিমের আক্রমণের ধারা অনেক বদলে গিয়েছে। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে ওরা। বিশেষ করে ওদের বিদেশী ফুটবলাররা বেশ ভালো খেলছে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। আমিও তাই মনে করি। ফলে আমাদের কাছে প্রথম ম্যাচটা ফাইনাল ধরেই মাঠে নামতে হবে। জিতে শুরু করতে চাই। সেটাই আমার কাছে এখন লক্ষ্য।”

“গোকুলাম ঘরের মাঠে খেলার সুবিধাটা পাবে। তাতে অবশ্য আমি চিন্তিত নই। নিজেদের রণনীতি অনুযায়ী খেলাটা খেলতে হবে।” তবে এটিকে মোহনবাগানের গ্রুপে শুধু গোকুলাম কেরালা নয়, এফসি গোয়া ও জামসেদপুর এফসি রয়েছে। এই নিয়ে ফেরান্ডো বলেছেন, “গ্রুপ লিগে আমাদের গোকুলাম ছাড়া পরের দুটো দলই আইএসএলের। জামসেদপুর এবং এফসি গোয়া সম্পর্কে সবারই ধারণা আছে। ওরা যে কোনও অঘটন ঘটাতে পারে। ফলে আমাদের গ্রুপ যথেষ্ট কঠিন। সব ম্যাচই ফাইনাল ধরে এগোতে হবে। কারণ প্রত্যেক গ্রুপ থেকে একটা মাত্র দল সেমি ফাইনাল যাবে। আমাদের প্রথম লক্ষ্য গোকুলামকে হারানো। পরের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আইএসএলের দুটো দলকে আমি চিনি। ওরাও আমাদের চেনে। সেজন্যই ম্যাচ ধরে ধরে অঙ্ক করে এগোতে হবে।”
লক্ষ্য সুপার কাপ, কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে মোহনবাগান

সপ্তাহখানেক ধরে অনুশীলন করেছে এটিকে মোহনবাগান। তবে সেই অনুশীলনে বেশ কিছু ফুটবলারের চোট-আঘাতের সমস্যা দেখা গিয়েছে। এই নিয়ে ফেরান্ডো বলেছেন, “দলে চোট-আঘাতের সমস্যা আছে। আশিক কুরুনিয়ন, মনবীররা এখনও পুরো চোট মুক্ত নয়। তবে সবাই দলের সঙ্গে অনুশীলন করেছে।” আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপ, বাড়তি তাগিদ কি রয়েছে মোহনবাগানের? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, “আইএসএল জিতেছি মানে সুপার কাপে সুবিধা পাব এটা মনে করি না। ওটা এখন অতীত। এটা নতুন প্রতিযোগিতা। নতুন ফর্ম্যাটে খেলা হবে। তবে এটা বলতে পারি, আইএসএল জেতার কারণেই হয়ত ড্রেসিংরুমের মানসিকতা অনেক বেশি পজিটিভ। আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্ট নই। সবাই চাইছে সুপার কাপেও আইএসএলের মতই আত্মবিশ্বাস নিয়ে এগোতে। তবে মনে রাখতে হবে এটা লিগ নয়। পরের পর্বে শোধরানোর সুযোগ নেই।”



