নজরবন্দি ব্যুরোঃ যাঁরা প্রতারণা করতে চায় তাঁরা ছবি তুলে রাখে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাল আইএএস অফিসার দেবাঞ্জন দেবের জাল ভ্যাকসিন প্রদান কেন্দ্রে জাল টিকা কাণ্ড প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। একই সঙ্গে এই ঘটনা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। প্রতারক দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক মন্ত্রীদের সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিকে হাতিয়ার করে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। এবার সেই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ কথা অনুযায়ী কাজ, নবান্নে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর।
আজ নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জাল টিকায় বিজেপি জড়িয়ে কিনা তা নিয়েও উসকে দেন সন্দেহ। তিনি বলেন, “হিংসার ঘটনা প্রমাণ করতে ভুয়ো ছবি ভাইরাল করা হচ্ছে। কেউ কেউ সেই ছবি ইচ্ছে করে ভাইরাল করছে। এই জাল টিকা কাণ্ডের পিছনেও যে বিজেপির হাত নেই, কে বলতে পারে!” রাজ্যে ভ্যাকসিন সংকট নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন টিকা বন্টনের বৈষম্য নিয়ে।
মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার থেকে ছোট রাজ্য বেশি টিকা পাচ্ছে। এ রাজ্যে অনেক কম টিকা পাচ্ছে। তবু দেশের মধ্যে গণটিকাকরণে এক নম্বর এ রাজ্য। আমরা তিন কোটি টিকা টিকা চেয়েছিলাম, পাইনি।” জাল টিকা কাণ্ডে ভুয়ো আইএস অফিসার প্রতারক দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক মন্ত্রীদের সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। তা নিয়ে সরব হয়েছে বিজেপি। তা নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আশপাশে বহু মানুষ ঘুরে বেড়ায়। কে বা কারা আশপাশে আসছে, সবসময় তাঁদের চেনা সম্ভব নয়। ছবি দিয়ে বিচার করা যায় না। ”
ছবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজের অভিজ্ঞতা জানান। বলেন, “একবার বিমানে করে যাচ্ছিলাম। তিন নম্বর আসনে বসেছিলাম। দেখলাম ২০ নম্বর সিট থেকে জুম করে আমার ছবি তুলেছে। ফটোশপ করা যায় ছবি। যাঁরা প্রতারণা করতে চায় তাঁরা ছবি তুলে রাখে।” জাল টিকা বিচ্ছিন্ন ঘটনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভুয়ো টিকা কাণ্ড একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকারের কেউ এর সঙ্গে যুক্ত নয়।”






