নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার কাণ্ড নিয়ে বেশ কয়েকদিন ধরেই জলঘোলা চলছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ঘটনার তদন্ত চালাচ্ছিল। সেখানেই নাম উঠে এসেছিল এনামুল হকের । তাঁকে এদিন গ্রেফতার করা হয়। আজ শনিবারই দিল্লির রাউজ এভিনিউ আদালতে তোলা হবে তাঁকে। সূত্রের খবর, এদিন এনামুলকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে অনেকটা কমল করোনার সংক্রমণ, কমল মৃত্যুর সংখ্যাও
এর আগে ২০২০ সালে সিবিআই এনামুলকে গ্রেফতার করেছিল। সীমান্ত এলাকায় গরু পাচারের অভিযোগ ওঠে প্রায়শই। এই পাচারকাণ্ডে একটি বড়সড় চক্রও কাজ করে। অভিযোগ, এরকমই একটি চক্র চালাতেন এনামুল। এই ঘটনায় বিএসএফ কর্তাদের একাংশের সহযোগিতাও তিনি পেয়েছেন বলে জানা গিয়েছিল।
গত বিধানসভা ভোটের আগে কয়লাকাণ্ড ও গরু পাচার কাণ্ড নিয়ে জোর কদমে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গরু পাচারে নাম জড়ায় এনামুল হক নামে মুর্শিদাবাদের এক ব্যবসায়ীর। এই এনামুলকে এর আগেও সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডান্টকে ঘুষ দেওয়ার ঘটনায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
গ্রেফতারের পরে জামিনও পেয়েছিলেন তিনি। ইডি সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে একাধিক প্রভাবশালী নেতার যোগ আছে। পাশাপাশি প্রচুর টাকার হিসাব পাওয়া যাচ্ছে না। তাই এইসব প্রশ্নের উত্তর খুঁজতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এনামুলকে।
গরু পাচার কাণ্ডে গ্রেফতার এনামুল হক
সম্প্রতি, এই গরু পাচার কাণ্ডে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় অভিনেতা-সাংসদ দেবকে। টানা পাঁচ ঘন্টা তাঁকে জেরা করে সিবিআই। এনামুল হকের সঙ্গে তাঁর সম্পর্ক খতিয়ে দেখার জন্যই এই জেরা বলে খবর ছিল। যদিও অভিনেতা দাবি করেন, তিনি এনামুলকে চেনেন না।



