সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে এবার আর্থিক পরিষেবার জগতে বড় পদক্ষেপ নিচ্ছে এলন মাস্ক (Elon Musk)-এর মালিকানাধীন এক্স (X)। শীঘ্রই প্ল্যাটফর্মে চালু হতে চলেছে ‘X Money’, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি টাকা লেনদেন করতে পারবেন। শুধু তাই নয়, নির্দিষ্ট শর্ত পূরণ করলে জমা অর্থের উপর বার্ষিক সুদ এবং ডেবিট কার্ডে ক্যাশব্যাকের সুবিধাও পাওয়া যাবে।
প্রাথমিকভাবে X Money সবার জন্য নয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রথম পর্যায়ে আমন্ত্রণভিত্তিক (invite-only) পরিষেবা হিসেবে চালু করা হচ্ছে। আপাতত এক্সের প্রিমিয়াম (X Premium) সদস্যরাই এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। যোগ্য ব্যবহারকারীদের কাছে ধাপে ধাপে আমন্ত্রণ পাঠানো হচ্ছে।
পরিষেবার অংশ হিসেবে ব্যবহারকারীরা ‘X’ ব্র্যান্ডের একটি Visa ডেবিট কার্ড পাবেন। এই কার্ড এটিএম থেকে নগদ তোলা এবং দৈনন্দিন কেনাকাটায় ব্যবহার করা যাবে। পাশাপাশি প্ল্যাটফর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হবে পিয়ার-টু-পিয়ার (Peer-to-Peer বা P2P) অর্থ লেনদেন। অর্থাৎ, এক্স ব্যবহারকারীরা রিয়েল-টাইমে অন্য এক্স ব্যবহারকারীর কাছে সরাসরি টাকা পাঠাতে পারবেন।
সংস্থার দাবি, X Money অনেকটা ডিজিটাল ওয়ালেট বা ব্যাংকিং-ধাঁচের পরিষেবা দিলেও এটি নিজে কোনও লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক নয়। বরং একটি প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করে এই পরিষেবাগুলি চালু করা হচ্ছে। এর ফলে নিজস্ব ব্যাংক গঠন না করেই এক্স আর্থিক পরিষেবা দিতে পারবে।
সবচেয়ে আকর্ষণীয় দিক হল, X Money অ্যাকাউন্টে জমা টাকার উপর বছরে ৬ শতাংশ পর্যন্ত সুদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীকে অ্যাকাউন্টে অন্তত ১,০০০ মার্কিন ডলার (US$1,000) ব্যালান্স রাখতে হবে এবং X Premium-এর সদস্য হওয়া বাধ্যতামূলক। বর্তমানে এই সদস্যপদের সর্বনিম্ন মাসিক খরচ ৮ মার্কিন ডলার।
এছাড়া X Visa ডেবিট কার্ড ব্যবহার করে নির্দিষ্ট কেনাকাটায় ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও থাকবে। ফলে ডিজিটাল পেমেন্ট, সঞ্চয় এবং কেনাকাটার সুবিধাকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে সংস্থা।
বিশেষজ্ঞদের মতে, X Money সফলভাবে চালু হলে এক্স শুধুমাত্র একটি সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে নয়, বরং একটি ‘সুপার অ্যাপ’ (Super App)-এ পরিণত হওয়ার দিকে আরও একধাপ এগোবে। এলন মাস্ক বহুদিন ধরেই এমন একটি প্ল্যাটফর্ম তৈরির কথা বলে আসছেন, যেখানে সোশ্যাল মিডিয়া, মেসেজিং, পেমেন্ট এবং আর্থিক পরিষেবা—সবই এক জায়গায় পাওয়া যাবে।



