শিয়রে লোকসভা নির্বাচন। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। প্রশাসনিক তৎপরতাও চোখে পড়ার মত। নির্বাচনের স্বাভাবিক আঁচ বাড়িয়ে ভোট ঘোষণার অনেক আগে থেকেই সংবাদ মাধ্যমের ওপর নজরদারিতে নেমে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার যে নির্দেশনামা জারী হয়েছে তাতে বলা আছে,সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সক্রিয়ভাবে সর্বস্তরের সংবাদমাধ্যমের প্রকাশিত খবর সক্রিয়ভাবে হাতে পেতে হবে।

আরও পড়ুন : ভোট হলেও ভারতের মধ্যেই হবে IPL, প্লান B তৈরি বোর্ডের
এর থেকে স্পষ্ট ভোট সংক্রান্ত যেকোনো খবরের কপি কমিশনের সদর দপ্তর নয়া দিল্লিতে পাঠানো হবে। রাজনৈতিক মহলের দাবী এই প্রথম নির্বাচন ঘোষণার আগে এমন পদক্ষেপ নেওয়া হল। মোট সাতটি বিষয়ের খবরের ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন।

সেগুলির মধ্যে প্রথমেই রয়েছে আইন শৃঙ্খলা জনিত খবর,এছাড়া ভোটার তালিকা, ইভিএম, নির্বাচন পরিচালনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মতামত- মন্তব্য সংক্রান্ত খবর, যেকোনো ভুয়ো খবর বা পেইড নিউজ। তাৎপর্যপূর্ণভাবে শুধু প্রথমসারির কিংবা স্থানীয় সংবাদ মাধ্যম নয়, সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত চ্যানেলগুলিতে প্রচারিত খবরের নাগাল পেতে উদ্যোগী কমিশন।

হাইভোল্টেজ লোকসভা নির্বাচন, সংবাদ মাধ্যমের ওপর নজরদারি শুরু কমিশনের
গত লোকসভা নির্বাচনের আগে ভুয়ো খবরের হদিশ পেতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল কমিশন। এবার তারা আরও সতর্ক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুত্রের খবর, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর যাচাই করছে কমিশন। চলতি মাসের শেষ সপ্তাহ বা পরের মাসের প্রথম সপ্তাহে এ রাজ্যে আসতে পারে কমিশন।



