নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করে আদলতের নির্দেশে সাংসদ পদ খুইয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার ফের প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন কংগ্রেসে নেতা এবং মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়ঙ্ক খাড়গে। তাঁর মন্তব্যের কারণে নির্বাচন কমিশনের তরফে নোটিস পাঠানো হয়েছে। কর্ণাটকের চিত্তপুরের বিদায়ী কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ এনেছে কমিশন।
আরও পড়ুনঃ জীবনকৃষ্ণর পর অপারেশন কৃষ্ণ, বাড়ি ঘিরছে কেন্দ্রীয় বাহিনী, আজ রাতেই গ্রেফতার!
গত মঙ্গলবার কর্ণাটকের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অযোগ্য’ বলে কটাক্ষ করেন প্রিয়ঙ্ক খাড়গে। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে খাড়গে পুত্র বলেছিলেন, “অযোগ্য পুত্র দিল্লিতে বসে থাকলে কি করে হবে?” এরপরই প্রিয়ঙ্কের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে প্রিয়ঙ্কের জবাব তলব করেছে কমিশন।

প্রিয়ঙ্ক খাড়গের এই মন্তব্যের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সূত্রে খবর, নির্বাচন কমিশনের পাঠানো নোটিসে বলা হয়েছে, ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে প্রিয়ঙ্ক খাড়গে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। আগামী ৪ মে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এই বিষয়ে তাঁর জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি কংগ্রেস নেতা যদি নোটিসে সাড়া না দেন তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনায় পিতা-পুত্রকে একযোগে আক্রমণ করেছে বিজেপি।

আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি-কংগ্রেসের মধ্যে তরজা শুরু হয়েছে। একদিকে বিজেপির শাসকের গদি ধরে রাখার লড়াই অন্যদিকে পদ্ম শিবিরকে হারানোর লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এমনকি বিজেপিকে গদিচ্যুত করতে হাত শিবিরকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছে সিপিআই।
মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে আরও এক কংগ্রেস নেতা




