‘সলমন ভারতীয়, সব ধর্মকে সম্মান করেন’—আরএসএস বিতর্কে ভাইজানের পাশে একনাথ শিণ্ডে

আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে সলমন খানের উপস্থিতি নিয়ে বিতর্কের মাঝেই তাঁর সমর্থনে শিণ্ডে—বললেন, ‘সলমন ভারতীয়, সব ধর্মকে সম্মান করেন।’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরএসএসের অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে সলমন খানকে নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তাঁর বক্তব্য, সলমন একজন ভারতীয় এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মানুষ—তাঁর কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলা অনভিপ্রেত।

সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত দু’দিনের আলোচনা সভায় সলমন খানের উপস্থিতি নিয়ে শুরু হয় জোর জল্পনা। রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ওঠে তাঁর আরএসএস সংযোগ নিয়ে। সেই প্রেক্ষিতেই এক সাক্ষাৎকারে শিণ্ডে সাফ জানালেন, সলমনের উপস্থিতিকে নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

শিণ্ডে বলেন, “সলমন খান আরএসএসের কোনও অনুষ্ঠানে যোগ দেবেন কি দেবেন না, তা নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়। এটা সম্পূর্ণ অনভিপ্রেত। সলমন একজন ভারতীয়। তাঁর বাড়িতে গণেশ মূর্তি রয়েছে, তিনি পুজোও করেন। প্রত্যেক ধর্মের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি এবং তাঁর পরিবার আমাদের সংস্কৃতিকে সম্মান করেন। তাই এই অনুষ্ঠানে যোগদান নিয়ে প্রশ্ন তোলার কোনও মানে হয় না।”

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে সলমন খানের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী হেমা মালিনী ও অভিনেতা রণবীর কাপুরও। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছন সলমন। তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত অনেকে।

সংঘ প্রধান মোহন ভাগবতও সলমনের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কলেজ পড়ুয়ারা সলমনের ফ্যাশন অনুকরণ করে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সামাজিক মূল্যবোধকেও ট্রেন্ডে পরিণত করার আহ্বান জানান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত