নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ সেই মেয়াদ শেষ হচ্ছে। সোমবার দুপুরে তাঁকে সিজিও থেকে বের করে আনা হয়। সাংবাদিকদের সামনে মন্ত্রী মুখ খুললেন। জানালেন তিনি ভালো নেই। তবে এসবের মধ্যেও জল্পনা শুরু হয়েছে আদালতে কোনও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনবেন জ্যোতিপ্রিয়।
সোমবার দুপুর ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বাইরে আনা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। কয়েকদিন আগেই যখন জ্যোতিপ্রিয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন, ‘মমতা দি সব জানে, আমি মুক্ত হয়ে গিয়েছি। চারদিন অপেক্ষা করুন। সব জানতে পারবেন।’ ওইদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয়। কিন্তু এদিন জ্যোতিপ্রিয়র চোখে মুখে দেখা গেল ‘ক্লান্তির ছাপ’।

এদিন জ্যোতিপ্রিয়কে প্রশ্ন করা হলে তিনি কেবল বলেন, আমি ভালো নেই। এরপর ইডির গাড়িতে করে রওনা দেন আদালতের উদ্দেশ্যে। গত চার দিনে মন্ত্রী একাধিকবার তদন্তকারীদের নানা প্রশ্নের মুখে পড়েছেন। আজ মন্ত্রীর মন্তব্যের পরই প্রশ্ন উঠছে কেন ভালো নেই মন্ত্রী। ইডির জেরার মুখে পড়ে কোনও বিপদের আঁচ করছেন তিনি? ওয়াকিবহাল মহলের একাংশের মতে, মন্ত্রীর কথায় ‘মুক্তি ‘ পেতে আদালতে বড় বোমা ফাটাবেন কি তিনি! অপেক্ষা এখন সময়ের।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর গ্রেফতারির পর থেকেই বিরোধী পক্ষের তরফে রেশন দুর্নীতির সঙ্গে বিহারের পশু খাদ্য দুর্নীতির যোগসূত্র আছে বলে দাবি করে। সূত্রে খবর, কেন্দ্রীয় এজেন্সির হাতে এমন কিছু তথ্য উঠে এসেছে যার ফলে এই যোগসূত্রের জল্পনা দৃঢ় হচ্ছে।
ED হেফাজতের মেয়াদ শেষ জ্যোতিপ্রিয়র, ‘মুক্তি’ পেতে আদালতে কোন ‘বোমা’ ফাটাবেন মন্ত্রী?




