নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি। ইতিমধ্যেই তাঁর বহু সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। এবার কালীঘাটের কাকুর একাধিক সংস্থার দায়িত্বে থাকা দুই হিসেবরক্ষককে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী সপ্তাহেই হাজিরা দিতে হবে দুজনকে।
আরও পড়ুন: পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ, চূড়ান্ত রায় সোমবার


নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর নাম জড়াতেই তদন্তে তৎপরতা দেখা গিয়েছিল ইডির। তল্লাশি চালিয়ে বহু সম্পত্তির হদিশ মেলে। তদন্তকারীরা দাবি করেছিলেন, সুজয়কৃষ্ণ ভদ্রের ৬ টি সংস্থা রয়েছে। এই সংস্থাগুলি শুরু থেকেই তাঁদের নজরে ছিল। মূলত টাকার লেনদেন এবং হিসেব খতিয়ে দেখছিল ইডি আধিকারিকরা। সেই সূত্র ধরেই দুজন হিসেবরক্ষককে তলব করা হল। কালীঘাটের কাকুর একাধিক সংস্থায় টাকার উৎস, লেনদেনের খতিয়ান সহ বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় গোয়েন্দা সংস্থা।

ইডির তরফে দাবি করা হয়েছিল, সুজয়কৃষ্ণের ভদ্রের সংস্থাগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতি মামলায় কালো টাকার লেনদেন হয়। আগামী সপ্তাহে দুই হিসেবরক্ষক এসকে ভারতীয়া এবং একে তুলসিয়ানকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে বলে খবর। তাঁদের কিছু জরুরী নথিপত্র সঙ্গে করে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দুজনকে জেরা করে কী কী তথ্য উঠে আসে সেদিকেই নজর থাকবে।



উল্লেখ্য, সম্প্রতি সুজয়কৃষ্ণের একটি নির্মাণ সংস্থায় এক কোটি টাকার হদিশ পাওয়া যায়। ইডি সূত্রে খবর, ২০১৯-২০ সালে কালীঘাটের কাকুর নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে সরাসরি ১ কোটি টাকারও বেশি অর্থ জমা পড়েছে। মনে করা হচ্ছে, এই বিপুল পরিমাণ টাকা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। দুর্নীতির কালো টাকা সাদা করতেই সুজয়কৃষ্ণ ভদ্র নির্মাণ সংস্থায় লাগিয়েছিলেন বলেই অনুমান।
কালীঘাটের কাকুর সংস্থার দুই হিসেবরক্ষককে তলব ইডির, আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ








