সুজাতার উপর আক্রমনের রিপোর্টে নাখুশ কমিশনের ফের রিপোর্ট তলব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুজাতার উপর আক্রমনের রিপোর্টে নাখুশ কমিশনের ফের রিপোর্ট তলব। রাজ্যের শাসকদল তৃণমূল এবং বিরোধী প্রায় সমস্ত দল প্রথম দফা নির্বাচন থেকে অভিযোগ করে আসছে নির্বাচনের ম্যাচে বিজেপির হয়ে খেলছে ম্যাচ রেফারি কমিশন। একাধিক ক্ষেত্রে বিজেপি ঘেঁষা সিদ্ধান্তে সেই অভিযোগকে আরও ভিত্তি দিয়েছে কমিশন। তবে তৃণমূল প্রার্থী সুজাতা খাঁর উপর আক্রমনের ঘটনায় সেই অপবাদ কিছুটা হলেও ঘোচাতে সক্ষম কমিশন।

আরও পড়ুনঃ মান্নান CPM এর সঙ্গে মিলে খুব জ্বালায়! তাই অরিন্দম কে জেতানোর আহ্বান মমতার।

মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণের সময় নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে আক্রান্ত হন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁকে ঘিরে ধরে লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয় বিজেপি কর্মী-সমর্থকরা। হামলাকারীদের মধ্যে বেশ কিছু মহিলাও ছিলেন। জানা গিয়েছে, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়েই সেদিন তিনি একটি বুথের কাছে চলে যান। ঠিক সেই সময় তাঁকে বাধা দেন গ্রামবাসীদের একাংশ। বাঁশ, লাঠি, চ্যালা কাঠ হাতে নিয়ে তাঁরা সুজাতাকে তাড়া করেন। নিরাপত্তরক্ষীরা তাঁকে ঘিরে রাখলেও সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, বাঁশের ঘা পড়েছে সুজাতার মাথায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তারক্ষীরা সুজাতাকে নিয়ে জমির আলপথ ধরে দৌড়তে শুরু করেন। সেখানেও তেড়ে যান গ্রামবাসীরা।

তারপর গাড়িতে উঠে সেই এলাকা ছেড়ে বেরিয়ে যান সুজাতা। তবে কিছুদূর যেতেই ফের বাধার মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি ঘিরে ধরে বাসিন্দারা প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন। গাড়ি লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইটবৃষ্টি শুরু হয়। কয়েকজন বাঁশ নিয়ে গিয়ে গাড়ির কাচে আঘাত করতে থাকেন। সুজাতার অভিযোগ, বুথ দখলের অভিযোগ শুনেই তিনি ওই বুথে গিয়েছিলেন। বুথের কাছে পৌঁছতেই তাঁর উপরে হামলা করেন বিজেপি কর্মীরা। তাঁকে খুনের চেষ্টা হয় বলেও তাঁর অভিযোগ। পরে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ পেয়ে সুজাতার উপর হামলার ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। সুজাতার উপর হামলার ঘটনায় বুধবার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সেইমতো নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছে হুগলি জেলা পুলিশ। কিন্তু সেই রিপোর্টে খুশি নয় কমিশন। তাই কমিশন পুলিশকে নতুন করে পুলিশ রিপোর্ট দিতে বলল।

সুজাতার উপর আক্রমনের রিপোর্টে নাখুশ কমিশনের ফের রিপোর্ট তলব। কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই রিপোর্টে সুজাতাকে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনার উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে মঙ্গলবার দিনভর সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তাড়া করার ভিডিও দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের সেই ফুটেজের প্রসঙ্গ তুলে ধরেই এবার সুজাতা-কাণ্ডে পুলিশকে পাল্টা প্রশ্ন কমিশনের। কমিশনের এই ভূমিকায় কার্যতই খুশি শাসকদল তৃণমূল কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত