নজরবন্দি ব্যুরো: আগামী ২ থেকে ৩ দিন দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখা আজকের পর থেকে অবস্থান বদল করবে। গতকাল পর্যন্ত এটি ছিল হিমালয় সংলগ্ন এলাকায়। এর ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছিল। তবে অক্ষরেখার স্থান পরিবর্তনে ধীরে ধীরে মেঘ জমতে শুরু করবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯২ জন
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী ২ থেকে ৩ দিন। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনায় বেশি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতায়। ৬ সেপ্টেম্বর পর্যন্ত রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চলবে দক্ষিণবঙ্গে। তবে ৭ এবং ৮ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে।

আগামী তিনদিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও গলদঘর্ম অবস্থা থেকে রেহাই মিলবে না। হাওয়া অফিস জানাচ্ছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৯১ শতাংশ। অনুভূত হবে ৯৫ শতাংশের মতো। ফলে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই অস্বস্তি বাড়বে শহরে।
পুজোর আগে বৃষ্টির ভ্রুকুটি বাংলায়, ভাসবে রাজ্যের বেশ কিছু জেলা

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ৬ তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দু’এক জায়গায় হালকা বৃষ্টি হবে।



