নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক সিদ্ধান্ত ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। চাকরি প্রার্থীদের কাছে তিনি এখন মাসিহা। সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য চাকরি প্রার্থীদের কাছে ভোকাল টনিকের কাজ করল। বঞ্চিত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, মামলা চালিয়ে যাও, হাল ছেড়ো না।



শনিবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে এক বঞ্চিত চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বলেন তিনি। চাকরি প্রার্থীর বক্তব্য ২০১২ এর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় হিন্দি ভাষায় পাশ করেন তিনি। প্যানেলে তাঁর এক নম্বর ছিল। কিন্তু তাঁকে বঞ্চিত করে দ্বিতীয় স্থানে থাকা চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাই শনিবার সুবিচারের আশায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন তিনি।



চাকরি প্রার্থীর কথা শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর তিনি ওই চাকরি প্রার্থীকে জানিয়েছেন, স্কুল সার্ভিস সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। চাকরি প্রার্থীর উদ্দেশ্যে বিচারপতির পরামর্শ দেন মামলা চালিয়ে যাওয়ার জন্য।
মামলা চালিয়ে যাও, হাল ছেড়ো না, মন্তব্য বিচারপতির

এই মুহুর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শিক্ষা দফতরের দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। একাধিক মামলার শুনানি চলছে তাঁর এজলাসে। এরই মধ্যে রবিবার টেট পরীক্ষা হচ্ছে রাজ্যজুড়ে। স্বচ্ছতা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকার। তার আগে বিচারপতির মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।








