ভারত–পাক যুদ্ধ তিনিই থামিয়েছেন! আবারও একই দাবি ডোনাল্ড ট্রাম্পের

ভারত–পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব ফের নিজের বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটনে বক্তব্য রেখে বললেন, তাঁর উদ্যোগেই রক্ষা পেয়েছে কোটি মানুষের জীবন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্ব রাজনীতির মঞ্চে পুরনো দাবি ফের একবার সামনে আনলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তিনি নিজেই থামিয়েছেন—এই বক্তব্য নতুন নয়, কিন্তু এক বছর পেরিয়েও সেই দাবি থেকে একচুল নড়লেন না ট্রাম্প। গত বছর মে মাসে দক্ষিণ এশিয়ার ওই সংঘাতের পর থেকে অন্তত ৮০ বার একই কথা বলেছেন তিনি। শুক্রবার (স্থানীয় সময়) ওয়াশিংটনে ফের সেই ‘শান্তি প্রতিষ্ঠা’র কৃতিত্ব নিজের ঝুলিতে ভরলেন মার্কিন প্রেসিডেন্ট।

ওয়াশিংটনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “এক বছরে আমরা আটটি ক্ষেত্রে শান্তির ব্যবস্থা করেছি।” তাঁর দাবি অনুযায়ী, গাজ়ায় যুদ্ধ থামানো থেকে শুরু করে পশ্চিম এশিয়ায় স্থিতাবস্থা ফেরানো—সব ক্ষেত্রেই আমেরিকা তাঁর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই তালিকায় আবারও জায়গা পেল ভারত–পাকিস্তান প্রসঙ্গ।

ট্রাম্পের কথায়, “দুই পরমাণু শক্তিধর দেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হওয়া আমরা থামিয়েছি।” এখানেই থামেননি তিনি। আরও এক ধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ নাকি তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন—এই উদ্যোগের ফলে প্রায় এক কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে।

এই প্রসঙ্গে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেন, “এটা দুর্দান্ত।” তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশের মতে, ট্রাম্পের এই দাবি নতুন করে বিতর্ক উসকে দিচ্ছে। কারণ ভারত–পাকিস্তান সংঘাত নিরসনে কোনও আনুষ্ঠানিক আন্তর্জাতিক মধ্যস্থতার কথা প্রকাশ্যে কখনও স্বীকার করেনি নয়াদিল্লি।

এর আগেও একাধিকবার এই বক্তব্য রাখায় প্রশ্ন উঠেছে ট্রাম্পের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে। তবু নিজের ‘শান্তির নায়ক’ ভাবমূর্তি বজায় রাখতে তিনি যে একটুও পিছপা নন, তা আবারও স্পষ্ট হল ওয়াশিংটনের মঞ্চ থেকে দেওয়া এই মন্তব্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর