সিপিআইএম রাজ্য কমিটিতে ‘নীরবতা’, সেলিম-বিরোধিতায় বহিষ্কারের মুখে প্রতীক উর রহমান!

প্রতীক উর রহমানকে ঘিরে সিপিএমে দ্বন্দ্ব তুঙ্গে—রাজ্য কমিটিতে সরাসরি আলোচনা না হলেও শাস্তি নিয়ে জোর জল্পনা, আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সিপিএমের অন্দরে ক্রমশ ঘনীভূত হচ্ছে দ্বন্দ্ব—রাজ্য কমিটির বৈঠকে প্রতীক উর রহমানকে নিয়ে সরাসরি আলোচনা না হলেও, তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে প্রকাশ্যে আক্রমণ ঘিরে দলের ভেতরে তীব্র মতভেদ তৈরি হয়েছে। একাংশ চাইছে সংলাপ, অন্য অংশ শাস্তির পক্ষে—ফলে আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতিতেই চলছে আলিমুদ্দিন।

গত কয়েকদিন ধরে প্রতীক উর রহমানের পদত্যাগ ও তাঁর ধারাবাহিক মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চললেও, রাজ্য কমিটির বৈঠকে তাঁর প্রসঙ্গ কার্যত অনুপস্থিত ছিল। সূত্রের খবর, মাত্র কয়েকজন জেলা নেতৃত্ব বিষয়টি উত্থাপন করলেও, অধিকাংশই এড়িয়ে গিয়েছেন আলোচনা—যা স্পষ্ট বার্তা দেয়, দল আপাতত তাঁকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে না।

তবে পর্দার আড়ালে চলছে তীব্র টানাপোড়েন। একাংশের মতে, প্রতীক উর যে ভাবে দলীয় শৃঙ্খলা ভেঙে প্রকাশ্যে রাজ্য সম্পাদককে আক্রমণ করছেন, তা বরদাস্ত করা যায় না—এবং তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। অন্যদিকে, আরেক অংশ মনে করছে, এখনই কঠোর পদক্ষেপ নিলে প্রতীক উর ‘সহানুভূতি’ পেতে পারেন, যা দলের পক্ষে বুমেরাং হতে পারে।

এই অবস্থায় দল আপাতত কোনও তড়িঘড়ি সিদ্ধান্ত নিচ্ছে না। প্রতীক উরের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটার উপর নজর রাখছে নেতৃত্ব। তাঁর অবস্থান ও পদক্ষেপের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে জানা যাচ্ছে।

এদিকে রাজ্য কমিটির বৈঠকে রাজ্য বাজেট ও আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট যে বিভিন্ন স্তরের মানুষের উপর প্রভাব ফেলেছে, তা স্বীকার করে নিয়েছেন বাম নেতৃত্বের একাংশ। ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রত্যাশা কিছুটা সংযত রাখার কথাও উঠে এসেছে।

দল সূত্রে খবর, সব আসনে সমান জোর না দিয়ে সম্ভাবনাময় কেন্দ্রগুলিতেই ফোকাস করতে চাইছে সিপিএম। সেক্ষেত্রে পরিচিত ও শক্তিশালী প্রার্থীদের সামনে আনার কৌশল নেওয়া হচ্ছে। দ্রুত প্রার্থী তালিকা চূড়ান্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত