নজরবন্দি ব্যুরো: আজ ফের এক দফায় স্তব্ধ হতে পারে শহর কলকাতার স্বাভাবিক জনজীবন। কলেজ স্ট্রিটে এসএফআইয়ের সমাবেশকে কেন্দ্র করে আজ অচল হতে পারে কলকাতার বিভিন্ন প্রান্ত। কেন্দ্রের শিক্ষানীতির বিরোধিতা, যোগ্যদের চাকরি ও দুর্নীতিগ্রস্তদের গ্রেফতারি এবং ছাত্র সংসদ নির্বাচন সহ একগুচ্ছ দাবিতে গত ১ অগস্ট বাংলার পাঁচ প্রান্ত থেকে এই কর্মসূচির সূচনা হয়।
আরও পড়ুন: সিগারেটের প্যাকেটে লিখে নাকি চাকরি হত, কোন আমলের কথা বললেন বিমান?
শুক্রবার জেলার জাঠার সঙ্গে হাওড়া, শিয়ালদহ স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার, শ্যামবাজার থেকে চারটি বড় মিছিল কলেজ স্ট্রিটে পৌঁছয়। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিনের সমাবেশে এসএফআইয়ের নেত্রী দীপ্সিতা ধর। একুশের বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি বামেরা। এই প্রসঙ্গে একযোগে কেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে একযোগে আক্রমণ করেন দীপ্সিতা ধর।

তিনি বলেন,“তৃণমূল-বিজেপি দুই দলই আরএসএসের পরিবারের অংশ। তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। দুই দলের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক বিরোধী দল আমরাই, বামপন্থীরা। যদি রাস্তাগুলি আমাদের থাকে তবে আগামীদিনে লোকসভা, বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দতলা নবান্ন ও আমাদের হবে।” উল্লেখ্য, এসএফআইয়ের এই সর্বভারতীয় জাঠার অঙ্গ হিসেবে গত ১৪ অগাস্ট আগরতলা থেকে পূর্ব ভারতের জাঠা শুরু হয়েছিল। পাশাপাশি অন্যান্য রাজ্য ওডিশা, বিহার এবং ঝাড়খণ্ডেও জাঠা শুরু হয়। কলেজ স্ট্রিটেই অনুষ্ঠিত হতে চলেছে জাঠার সমাপ্তি।
একমাত্র রাজনৈতিক বিরোধী দল বামপন্থীরাই, শাসক পক্ষকে কড়া আক্রমণে দীপ্সিতা

অন্যদিকে, নিয়োগ কেলেঙ্কারি থেকে গরু পাচার, কয়লা পাচার মামলায় মমতার সরকারের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে চলছেন বাম নেতারা। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল প্রসঙ্গ টেনে এদিন বিমান বসু বলেন, “শুনেছি তাঁকে স্কুলে যেতে হয় না। বাড়িতেই খাতা চলে আসে। তিনি শুধু সই করে দেন। এই সব কোন জামানাতে হচ্ছে! সবই তো সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি।” যাবতীয় ‘দুর্নীতি’-র বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।



