আইএসএল শিরোপার লড়াই যখন শেষ বাঁকে, তখনই মোহনবাগান শিবিরে নতুন চর্চার কেন্দ্র দিমিত্রি পেত্রাতোস। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। সবুজ-মেরুন জার্সিতে ছবি, তার উপর লেখা— ‘দ্য লাস্ট ড্যান্স’। প্রশ্ন উঠছে, তবে কি চলতি মরশুমই মোহনবাগানে দিমির শেষ অধ্যায়?
মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন দিমিত্রি পেত্রাতোস। সেখানে তাঁকে দেখা যায় মোহনবাগানের জার্সিতে। ছবির উপরে বড় করে লেখা ছিল ‘দ্য লাস্ট ড্যান্স’। বিশেষভাবে নজর কাড়ে ছবির পেছনে থাকা সমর্থকদের ভরা গ্যালারি। যদিও পোস্টের ক্যাপশনে তিনি আলাদা করে কোনও ব্যাখ্যা দেননি।


এই পোস্টের পর থেকেই সমর্থকদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়ার ঢল নামে। কমেন্টে অনেকে লিখেছেন, তাঁকে মিস করবেন। কেউ আবার জানিয়েছেন, দিমিত্রি সবসময় মোহনবাগান পরিবারের অংশ হয়েই থাকবেন। পোস্টে তাঁর সতীর্থ জেমি ম্যাকলারেনের প্রতিক্রিয়াও জল্পনাকে আরও উসকে দিয়েছে।
যদিও এখনও পর্যন্ত দিমিত্রি পেত্রাতোস বা মোহনবাগান সুপার জায়ান্ট— কোনও পক্ষ থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে এই মুহূর্তে বিষয়টি পুরোপুরি জল্পনার পর্যায়েই রয়েছে।
তবে গত মরশুম থেকেই দিমিত্রির পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ফিটনেস এবং ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। মাঠে তাঁর প্রভাব আগের তুলনায় কিছুটা কমেছে বলেও সমর্থকদের একাংশের মত।


তবু মোহনবাগানে দিমিত্রির অবদান অস্বীকার করার সুযোগ নেই। ২০২২-২৩ মরশুমে দলে যোগ দেওয়ার পর থেকে তিনি ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন। চার মরশুমে ৮৪টি ম্যাচে ৩১ গোল ও ১৯টি অ্যাসিস্ট করেছেন তিনি।
সাফল্যের খাতাও কম নয়। মোহনবাগানের হয়ে পাঁচটি ট্রফি জিতেছেন দিমি। এর মধ্যে রয়েছে দু’টি আইএসএল কাপ, দু’টি আইএসএল লিগ-শিল্ড এবং একটি ডুরান্ড কাপ। ২০২৩-২৪ মরশুমে তিনি আইএসএল-এর প্লেয়ার অফ দ্য সিজ়নও হন।
এখন সব নজর বৃহস্পতিবারের ম্যাচ এবং তার পরের সিদ্ধান্তে। ‘দ্য লাস্ট ড্যান্স’ কি শুধুই বড় ম্যাচের আবেগ, নাকি সত্যিই শেষবারের মতো সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে দিমিত্রি পেত্রাতোসকে— উত্তর মিলবে সময়েই।











