নজরবন্দি ব্যুরোঃ সোমবার সকাল থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। নারদ কান্ড মামলায় তৃনমূলের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার মধ্যে দুজন রাজ্যের মন্ত্রী। এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হল। মেদিনীপুরে কোতোয়ালি থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ ‘আমাকেও গ্রেপ্তার করুন’, নিজাম প্যালেসে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


অভিযোগ, নির্বাচনী প্রচার সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বারবার ‘বহিরাগত’ মন্তব্যও করে রাজ্যবাসীর মনে আতঙ্ক তৈরি করেছিলেন মমতা। ‘খেলা হবে’ স্লোগান তুলে সন্ত্রাসে প্ররোচনা দেওয়ার অভিযোগও করেছেন দিলীপ। জানা গিয়েছে, রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্র-সহ জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনেও পাঠানো হয়েছে এই অভিযোগপত্র।
অভিযোগপত্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লিখেছেন, “ভোটের আগে একাধিক প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছেন মমতা। মহিলাদের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছিলেন। এধরনের একাধিক উসকানি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।” এই ধররেন মন্তব্যের একাধিক ভিডিও ফুটেজ পাবলিক ডোমেনে পাওয়া যাবে বলেও উল্লেখ করেছেন তিনি।
এছারাও FIR-এর দিলীপ লিখেছেন, “নির্বাচনের পরে রাজ্যজুড়ে তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। এর পিছনেও দলীয় নেত্রীর ইন্ধন রয়েছে।” সংবিধান উলঙ্ঘনের অভিযোগ তুলে দিলীপ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্তেও সংবিধান মানছেন না মমতা, তাই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।









