নজরবন্দি ব্যুরোঃ আর কিছু ঘন্টার অপেক্ষা। কাঁথির মেগা সমাবেশ থেকেই আজ বিশেষ বার্তা দিতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে ভুপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধেই তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তাকাই তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। মন্তব্য দিলীপের।
আরও পড়ুনঃ Sukanta Majumdar: ডিসেম্বরেই কাঁপছে রাজ্য সরকার, হুঁশিয়ারি সুকান্তর
মেদিনীপুরের সাংসদের কথায়, যেখানে তাকাই হয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, অথবা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতার নাম। তাঁরাই প্রধান, তারাই পঞ্চায়েত, তারাই বিধায়ক। তারাই সমাজবিরোধী। এদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না।
উল্লেখ্য, শুক্রবার রাতে ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণে ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক তরজা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বাড়ি ভেঙে যায়। ঘটনায় তিন জনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে। জখম হয়েছেন আরও তিন জন। মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

নিহত তৃণমূল নেতা রাজকুমার মান্নার স্ত্রীর দাবি, রাত ১০ টা নাগাদ বিস্ফোরণে গোটা ঘর ধোঁয়া হয়ে গিয়েছিল। স্বামী রাজকুমার দুই দেওর বিশ্বজিৎ গায়েন ও দেবকুমার মান্নার মৃত্যুর খবর মিলেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালেও পুলিশের দেখা মেলেনি।
প্রসঙ্গত, কাঁথির প্রভাত কুমার কলেজের ময়দানে সমাবেশ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরেই সভার আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। কোনরকম বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। তবে আজকের সভা থেকে অভিষেক কী বার্তা দেবেন সেটা দেখার।
যেখানে তাকাই তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, বিস্ফোরক দিলীপ ঘোষ

এবিষয়েও বিশেষ মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অভিষেক আগেও হুঙ্কার দিয়েছেন। তাতে কিছু যায় আসে না। উনি আমাদের নেতার বাড়ির সামনে সভা করছেন। অনুমতি আছে কিনা জানি না। পুলিস প্রোটেকশন দিচ্ছে। আর আমরা আদালতের অনুমতি নিয়ে সভা করছি। সেখানে গা জোয়ারি করা হচ্ছে। মানুষ সবটাই দেখছে। এখন ইস্যু নেই। তাই আমাদের নেতার বাড়ির সামনে উৎপাত করতে যাচ্ছে।



