নজরবন্দি ব্যুরোঃ ভোট-পরবর্তি হিংসা, আর তা নিয়েই এই মুহুর্তে এক প্রকার সংঘাত তৈরি হয়েছে রাজ্য- কেন্দ্রের। ২রা মে বাংলায় ২১ এর নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় চলেছে রাজনৈতিক হিংসা। বিজের তরফ থেকে বারবার অভিযোগের আঙুল তোলা হয়েছে শাসক দলের বিরুদ্ধে, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, বিজেপি যেসব জায়গায় জয় লাভ করেছে অশান্তি তৈরি হয়েছে সেসব জায়গাতেই।
আরও পড়ুনঃ কোভিড-ক্রাইসিস, রাজ্যে ২৫টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বসবে ৩৫টি অক্সিজেন প্লান্ট


ঘটনা খতিয়ে দেখতে দু’সপ্তাহের মধ্যেই কেন্দ্র থেকে দুই পৃথক প্রতনিধি দল এসেছে রাজ্যে, খতিয়ে দেখেছে পরিস্থিতি। হিংসার চিত্র সরেজমিনে দেখতে রাজ্য জুড়ে বেরিয়ে পড়েছেন খোদ রাজ্যপাল। প্রসঙ্গত ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মমতা বন্দপাধায় ঘোষণা করেছিলেন রাজ্যে বন্ধ করতে হবে সন্ত্রাস, সেই কারণে কড়া বার্তা দিয়েছিলেন সব দলকেই। তৃণ্মুলের তরফ থেকে বারবার বলা হয়েছে ভোট পূর্ব বাংলায় বিজেপির নেতা মন্ত্রীদের উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই পরিস্থিতি।
এসবের মধ্যেই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে কলকাতা হাইকোর্ট রিপোর্ট চেয়ে প্রশংসাই করেছে মুখ্যমন্ত্রীর, আদালতের তরফ থেকে জানানো হয়েছিলো কড়া হাতে সন্ত্রাস দমন করতে সফল হয়েছেন মমতা। তবে সন্ত্রাস নথিভুক্ত করতে এবার আসনে নেমেছে বঙ্গ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে একটি কমিটির।
ভোট পরবর্তী পরিস্থিতি দেখতে ফল ঘোষণার পরে পরেই বাংলায় এসেছেন পঞ্জাবের নেতা তরুণ চুঘ। তাঁর উপস্থিতিতে হেস্টিংস হাউসে আজ ৫ সদস্যের কমিটির কথা জানানো হয়েছে। বিজেপি সূত্রে খবর, মোট পাঁচ সদস্যের একটি কমিটিতে সামনে থাকছেন সিউড়ির আসনে বিজেপির পরাজিত প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, এ বাদেও রয়েছেন শীলভদ্র দত্ত এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়, তাছাড়া আরও কয়েকজন থাকছে এই কমিটিতে।


ভোট-পরবর্তী হিংসা, এই সময়ে যত সন্ত্রাসের ঘটনা ঘটছে, সেগুলি নথিবদ্ধ করার কাজ এই কমিটি করবে। অভিযোগগুলি খতিয়ে দেখে কী কী ধরনের পদক্ষেপ করা যায় এবং মামলা দায়ের করা যায় কি না সেই বিষয়েও ভাবনা চিন্তা করবেন তাঁরা। এবং রাজ্যের সন্ত্রাসের সামগ্রিক রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় সরকারকে। প্রসঙ্গত ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার কারণে বিধানসভা অধিবেশন বয়কট করেছেন বিজেপির জয়ী বিধায়কেরা। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছিলেন রাজ্যে শান্তি ফিরে না আসা পর্যন্ত চলবে এই বয়কট। তার পরেই সন্ত্রাস নথিভুক্ত করতে আজ এই কমিটি গঠন করেছে বঙ্গ বিজেপি।







