‘দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হত’ ! ‘দেশু ৭’-এর আবহে পুরনো রসায়নে নতুন আগুন জ্বালালেন রাজ

‘দেশু ৭’-এর আবহে দেব-শুভশ্রীর পুরনো রসায়ন ফের আলোচনায়। অনুরাগীদের আবেগে সুর মিলিয়ে ‘বিয়ে হলে ভালো হত’ মন্তব্যে চর্চায় রাজ চক্রবর্তী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নস্ট্যালজিয়া যে কতটা শক্তিশালী, তা আবারও প্রমাণ করছে ‘দেশু’ জুটি। দেব-শুভশ্রী একফ্রেমে এলেই আজও সোশাল মিডিয়ায় ঝড় ওঠে, অনুরাগীদের আবেগ ছাপিয়ে যায় বাস্তবতার সীমারেখা। ‘দেশু ৭’ আসার খবরে সেই উন্মাদনা নতুন করে তুঙ্গে। ঠিক এই আবহেই বোমা ফাটালেন পরিচালক রাজ চক্রবর্তী—“আমারও মনে হয়েছিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হত।” মুহূর্তে ভাইরাল তাঁর এই মন্তব্য।

একসময় দেব ও শুভশ্রীর অফ-স্ক্রিন রসায়ন নিয়ে সিনেপাড়ায় চর্চার অন্ত ছিল না। সময় বদলেছে, বদলেছে সম্পর্কের সমীকরণ। কিন্তু অনুরাগীদের চোখে আজও ‘রোমিও’ আর তার নায়িকা মানেই চিরকালীন রোম্যান্স। সাম্প্রতিক এক লাইভে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে ফের সেই আবেগে ভাসে ভক্তমহল—মন্তব্য বাক্স ভরে ওঠে ‘রিল লাইফ’ থেকে ‘রিয়েল লাইফ’-এ রূপ নেওয়ার কামনায়।

এই আবেগ কি বাস্তব জীবনের সঙ্গীদের প্রভাবিত করে?—এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শুভশ্রীর স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি অকপটে বলেন,
“আমারও মনে হয়েছিল শুভশ্রীর দেবের সঙ্গে বিয়ে হলে ভালো হত। কিন্তু শুভশ্রী আমার কপালে ছিল, আমিও ওর কপালে। আমরা দু’জন খুব খুশি। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও খুব খুশি থাকবে—কারণ দেব খুব ভালো ছেলে।”

উল্লেখ্য, রাজ চক্রবর্তীর হাত ধরেই দেব-শুভশ্রীর পর্দার প্রেমের যাত্রা শুরু। পরিচালক নিজেও বারবার বলেছেন, ভাল চিত্রনাট্য পেলে তিনি এই জুটিকে আবার একসঙ্গে দেখতে চান। ‘ধূমকেতু’-র পর অবশেষে সেই সুযোগ আসছে। চলতি পুজোয় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘দেশু ৭’—আর তাতেই ফের উসকে উঠছে পুরনো ম্যাজিক।

২০২৫ সালে দেব-শুভশ্রীর পুনর্মিলন সিনেপাড়া থেকে বক্স অফিস—সবখানেই আলোড়ন তুলেছিল। বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ পরে ফের নস্ট্যালজিয়ার ঢেউ। একদিকে পুজোর বক্স অফিস দখলের প্রস্তুতিতে ব্যস্ত দেশু জুটি, অন্যদিকে রাজ চক্রবর্তী তাঁর নতুন ছবি ‘হোক কলরব’-এর প্রচারে। সেখানেই অনুরাগীদের আবেগে শান দিয়ে মন্তব্যটি করেন তিনি।

গত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। বাস্তব জীবনে যদিও সমীকরণ বদলেছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আজ রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে সুখী সংসারে। অন্যদিকে দেব-র রিল ও রিয়েল লাইফে সঙ্গী রুক্মিণী মৈত্র

এই প্রসঙ্গ টেনেই দেব-শুভশ্রীর যৌথ আবেদন—ভক্তদের উদ্দেশে স্পষ্ট বার্তা। তাঁদের কথায়,
“লাইভ শেষ হলেই দয়া করে আমাদের পার্টনারদের ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমরা ব্যক্তিগত জীবনে ভালো আছি বলেই কাজ করতে পারছি। আমাদের সম্মানের সঙ্গে রাজ-রুক্মিণীর সম্মানও জড়িয়ে।”

সব মিলিয়ে, ‘দেশু ৭’ শুধু একটি সিনেমা নয়—এ এক আবেগ, এক প্রজন্মের স্মৃতি। আর রাজ চক্রবর্তীর মন্তব্যে সেই আবেগই পেল নতুন করে আগুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত