রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ-অভিনেতা দেব। সরাসরি রাজনৈতিক মন্তব্যে না গিয়ে তিনি তুলে আনলেন নিজের শিকড়— মেদিনীপুরের কথা। একই সঙ্গে ভোট-পরবর্তী সময়ে রাজনীতি থেকে কিছুটা দূরে সরে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট বার্তা দিলেন তিনি।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে নতুন সরকার ও মুখ্যমন্ত্রী প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন দেব। জবাবে কোনও রাজনৈতিক সংঘাতে না গিয়ে হালকা মেজাজেই বলেন, “ভাল তো! মেদিনীপুর সব সময়ে এগিয়ে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।” তাঁর এই মন্তব্যে যেমন আঞ্চলিক গর্বের ইঙ্গিত রয়েছে, তেমনই রয়েছে রাজনৈতিক বাস্তবতাকে স্বীকার করার সুর।
দেব বরাবরই তৃণমূলের পরিচিত মুখ হলেও তাঁর রাজনৈতিক অবস্থান অনেক সময়েই মূলধারার বাইরে বলে চর্চায় থেকেছে। ক্ষমতায় থাকাকালীন সময়েও তিনি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। ইন্ডাস্ট্রিতে ‘ব্যান’ সংস্কৃতির বিরুদ্ধেও একাধিকবার অবস্থান নিয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেব স্পষ্ট করে জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে আর খুব বেশি জড়াতে চান না। তাঁর নজর এখন মূলত অভিনয় ও বাংলা বিনোদন শিল্পের কাজের পরিবেশের দিকে। যদিও রাজনৈতিক ফল তাঁকে ব্যক্তিগতভাবে হতাশ করেছে, তবু পরিবর্তনের মধ্যে সম্ভাবনাও দেখছেন তিনি।
বিশেষ করে টলিউডের কাজের পরিবেশ নিয়ে আশাবাদী দেব। তাঁর মতে, ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে প্রভাব খাটিয়ে ‘ব্যান’ করতে পারবে না, প্রযোজকদের উপর অযৌক্তিক চাপও কমবে। এর ফলে কাজের পরিমাণ বাড়তে পারে এবং বাইরের প্রযোজনাও বাংলায় আসার সুযোগ পাবে।
তবে এই আশার সঙ্গে সতর্কতার বার্তাও দিয়েছেন তিনি। দেবের বক্তব্য, নতুন পরিস্থিতি ইতিবাচক তখনই হবে যখন অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি হবে না। ভোটের আগে অসুস্থতা নিয়েও দলের হয়ে প্রচার করা এই সাংসদ-অভিনেতার এখন স্পষ্ট অবস্থান— সামনে না থাকলেও, বাংলা ইন্ডাস্ট্রির উন্নয়নের স্বার্থে তিনি পাশে থাকবেন।



