দুর্নীতি ইস্যুতে একাধিকবার দেবকে বেলাগাম আক্রমণ করেছেন হিরণ চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনে এই প্রথমবার তাঁরা দুজন মুখোমুখি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev) এবং বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। দুজনেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তবে হিরণ অভিনীত শেষ ছবি মুক্তি পেয়েছে ২০২০ সালে। অন্যদিকে দেব তাঁর অভিনয় ও প্রযোজনা নিয়ে তুমুল ব্যস্ত। তার মাঝেই একাটানা প্রচার চালাচ্ছেন। সেখানেও দেখা যাচ্ছে দেব-হিরণ দ্বৈরথ। এবার হিরণের আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফিল্মি কেরিয়ার নিয়ে কটাক্ষ করলেন দেব।



আরও পড়ুন: কলকাতায় আপাতত চলবে না তাপপ্রবাহ, আকাশ মেঘলা, কোন কোন জেলায় বৃষ্টি?
ঘাটালে প্রচার করার পাশাপাশি দলের অন্যান্য প্রার্থীদের হয়েও প্রচার করছেন দেব। সেরকমই রবিবার হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যান তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে ঘাটালের বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিধায়ক হিরণের বিষয় প্রশ্ন করা হয়। উত্তরে দেব বলেন, ‘হিরণের ফিল্ম কেরিয়ার শেষ। হেডলাইন রাজনীতির জন্য টিকে আছে। আমি ১০ বছর ধরে করছি সৌজন্যের রাজনীতি।’ দেব আরও বলেন, ‘হিরণ এই মুহূর্তে খুবই চাপে রয়েছেন, সেই কারণেই উল্টোপাল্টা মন্তব্য করছেন।’ ঘাটালের দুবারের সাংসদের দাবি, ‘আমি ভোটে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত হত। আসলে ঘাটালের মানুষ ঠিক করে নিয়েছেন কাকে জেতাতে চান তাঁরা। এখন শুধু সময়ের অপেক্ষা।’



ঘাটালে নাম ঘোষণার পর থেকেই সক্রিয়ভাবে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী দেব এবং বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দেখা গিয়েছে বাক-তরজা। এর আগে দুর্নীতির অভিযোগ তুলে দেবকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি হিরণ, দেব সবসময়েই শান্ত মেজাজে জবাব দিয়েছেন, পাল্টা ব্যক্তিগত আক্রমণে যাননি। তবে এবারে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জোর টক্কর দেখা যাচ্ছে। শেষমেষ হিরণের ফিল্ম কেরিয়ার নিয়েই কটাক্ষ করলেন দেব।
‘সিনেমার কেরিয়ার শেষ, আমার জন্যই চাপে আছে’, হিরণকে তীব্র কটাক্ষ দেবের

রাজনীতি ছেড়ে দেওয়ার জল্পনা উস্কে দিয়েও তৃতীয়বার ঘাটাল থেকে প্রার্থী হয়েছেন দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর (Ghatal Master Plan) প্রতিশ্রুতি নিয়েই থেকে গিয়েছেন বলেও জানিয়েছেন। এনিয়েও প্রশ্ন তুলেছিলেন হিরণ। তাঁর প্রার্থী হওয়া নিয়ে দেব জানিয়েছিলেন, ২ বছর আগে থেকে যখন হিরণ তাঁকে নিয়ে কথা বলা শুরু করেছিলেন সেইসময় থেকেই বুঝতে পেরেছিলেন ঘাটালে কাকে টিকিট দিতে পারে বিজেপি। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ রয়েছে ঘাটালে। নির্বাচনে জিতে সাংসদ হিসেবে হ্যাট্রিক করতে পারবেন দেব? শেষ হাসি হাসবে কে? জানা যাবে আগামী ৪ জুন।







